জেলার কাশিয়ানীতে ছাত্রলীগের ২ পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও হাতাহাতির ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। উপজেলা সদরে গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষের ছবি তুলতে গেলে ২ সাংবাদিককে ছাত্রলীগ নেতা-কর্মীরা বাধা দেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন খানের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে তুহিনের সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি থানার সামনের রাস্তায় গেলে পুলিশী বাধা দেয়। পরে পুলিশি বাধা উপেক্ষা করে শহীদ মিনার চত্বরের সামনে গেলে ছাত্রলীগের অপর অংশের নেতা-কর্মীরা মিছিলটিতে হামলা চালায়। এতে ২ পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হাতাহাতির ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
এ ঘটনার ছবি তুলতে গেলে কালের কণ্ঠের সাংবাদিক প্রসূন মণ্ডল ও এস এ টিভির গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সাহাকে ছাত্রলীগ নেতা-কর্মীরা বাধা দেয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
