ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরীকে অপহরণের চেষ্টা

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২২:১৯
সমকালের নগর সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরীকে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর বিজয় সরণী মোড়ে এই ঘটনা ঘটে। অপহরণ করতে ব্যর্থ হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। ঘটনাটি আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। শাহেদ চৌধুরী ইত্তেফাককে জানান, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে অফিসের মাইক্রোবাসে করে গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ইফতার পার্টিতে যাচ্ছিলেন। গাড়িটি বিজয় সরণী মোড়ে পৌঁছলে সিগন্যালে আটকা পড়ে। সিগন্যাল ছাড়ার সঙ্গে সঙ্গেই সাদা রঙের একটি গাড়ি শাহেদ চৌধুরীকে বহনকারী গাড়ির গতিরোধ করে। এরপর গাড়ি থেকে দুই যুবক নেমে মাইক্রোবাস থেকে তাকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করে। তাদের পরিচয় জিজ্ঞেস করতেই ওই যুবকরা গাড়ি থেকে শাহেদ চৌধুরীকে টেনেহিঁচড়ে নামিয়ে সাদা প্রাইভেটকারে তোলার চেষ্টা করে। তিনি বাধা দিলে অপহরণকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়ে তিনি হাতে আঘাত পান। এরপর লোকজন জড়ো হলে অপহরণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। চলে যাওয়ার সময় তারা হুমকি দিয়ে বলে, ‘এবার বেঁচে গেলি, দেখি তুই ঢাকায় কিভাবে বেঁচে থাকস।’