১৯৯২ সালে দুটি দিয়ে যাত্রা শুরু করে এখন দেশে ৭৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ৫০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বয়স ৫-১৯ বছরের মধ্যে হওয়া সত্ত্বেও বেশিরভাগই নিজস্ব বা স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি। এরা মার্কেটের ওপরের ফ্লোর ভাড়া নিয়ে, রেস্টুরেন্টের ওপরে, বাসস্টেশনে, ব্যস্ততম বাজারের ভিতরে ছাড়াও আবাসিক এলাকায় ভবন ভাড়া নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। যেখানে শিক্ষার ন্যূনতম পরিবেশ নেই। আবার কোন বিশ্ববিদ্যালয় নামেমাত্র ঢাকার বাইরে স্থায়ী ক্যাম্পাস করে ঢাকার ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।
ইউজিসির তথ্যে দেখা যায়, ৯টি বিশ্ববিদ্যালয় অননুমোদিত ক্যাম্পাস পরিচালনা করছে। এদের মধ্যে দারুল ইহ্সান বিশ্ববিদ্যালয়, প্রাইম এশিয়ান ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর, সাউদার্ন, নর্দান, দি পিপ্লস, বিজিসি ট্রাস্ট এবং ইবাইস বিশ্ববিদ্যালয়। তবে এর বাইরেও একাধিক বিশ্ববিদ্যালয় ভাড়া করা ভবনে, কোথাও মার্কেটের ওপর ক্যাম্পাস পরিচালনা করছে।
২০০০ সালে প্রতিষ্ঠিত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটেই দেয়া আছে- গ্রীণ রোডে তাদের ২ নম্বর শাখা রয়েছে। ব্যস্ত সড়কের পাশে একটি ভবনে চলছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বনানীর ১নং সড়কে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস রয়েছে। বিশ্ববিদ্যালয় এখনো নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি। ওয়েবসাইটে দেয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বনানীতে ২টি এবং গ্রীণ রোডে ২টিসহ মোট ৪টি ক্যাম্পাস রয়েছে। নির্দিষ্ট সময়েও এই বিশ্ববিদ্যালয়টি নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি।
২০০৩ সালে প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটির ভাড়া করা মূল ক্যাম্পাসের নিচতলায় সুপার চেইন শপ ‘স্বপ্ন’। এছাড়া ধানমন্ডির ‘মেহের প্লাজা’য় দুটি ফ্লোরে ব্যাংক, মার্কেট রয়েছে। এর ওপরে রয়েছে বিশ্ববিদ্যালয়টির একটি ক্যাম্পাস। ধানমন্ডির ৭নং রোডের ১৬ নম্বর বাড়িতে আরো একটি ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়টির পান্থপথে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে আরো একটি ক্যাম্পাস রয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়টির জন্য আশুলিয়ায় জমি কেনা হয়েছে। এভাবে চলছে স্থায়ী ক্যাম্পাসে না যাওয়া বিশ্ববিদ্যালয়গুলো।
রাজধানীর ফার্মগেট। এখানে প্রাইম ইউনিভার্সিটির একটি সাইনবোর্ড ঝুলানো আছে, শেওড়াপাড়ায় একটি মার্কেটের দ্বিতীয় তলায় সাইনবোর্ড ঝুলানো আছে দারুল ইহ্সান বিশ্ববিদ্যালয়ের। ছোট আকারের দুই-তিনটি কক্ষ ভাড়া নিয়ে চলছে এসব শাখা।
মাছের পাইকারি বাজার খ্যাত কাওরান বাজারের কেন্দ্রস্থলে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে সোনারগাঁও ইউনিভার্সিটি। ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রস্থলে এমন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ কলুষিত হচ্ছে। কাওরান বাজারেই এই প্রতিষ্ঠানটির দুটি ক্যাম্পাস। এছাড়া মহাখালীতে আরো একটি ক্যাম্পাস পরিচালনা করছে বিশ্ববিদ্যালয়টি। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেয়া ফোন নম্বরে যোগাযোগ করলে জাকির হোসেন নামে এক ব্যক্তি জানান, প্রতিটি শাখা ক্যাম্পাসই বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়, এখানে ১৭টি বিষয়ে ডিগ্রি দেয়া হয়।
ধানমন্ডি ও জিগাতলা এলাকায় প্রধান সড়কে সাতটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০-এর অধিক ক্যাম্পাস রয়েছে। আর কামাল আতাতুর্ক এভিনিউয়ে রয়েছে একাধিক বিশ্ববিদ্যালয়। উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর ১নং সেকশন, মিরপুর ২নং সেকশনেও রয়েছে বিশ্ববিদ্যালয়। কিন্ডারগার্টেনের আদলে কয়েকটি বিশ্ববিদ্যালয় চলছে। ড্যাফোডিল ও ব্র্যাক ইউনিভার্সিটি আশুলিয়াতে স্থায়ী ক্যাম্পাস করেও ঢাকায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৭৯টি। এখন পর্যন্ত ১৭টি বিশ্ববিদ্যালয় নির্ধারিত পরিমাণ জমিতে নিজস্ব ক্যাম্পাস স্থাপন করেছে। ১১টি বিশ্ববিদ্যালয় আংশিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। ৪টি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমিতে ভবন নির্মাণাধীন এবং ৩টি বিশ্ববিদ্যালয় নক্শা অনুমোদন করেছে। আর প্রতিষ্ঠার পর সাত বছরের বেশি সময় পার হওয়া ৩৮টি বিশ্ববিদ্যালয় যেতে পারেনি নিজস্ব ক্যাম্পাসে। প্রতিষ্ঠার পর সাত বছর অতিক্রান্ত না হওয়ায় বাকি ২৩টির নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার বাধ্যবাধকতা নেই। মামলা জটিলতায় আছে ১৫টি বিশ্ববিদ্যালয়।
৭৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকায় ৫৬টি, চট্টগ্রামে ১১টি, রাজশাহীতে ৫টি, খুলনায় ২টি, সিলেটে ৪টি এবং বরিশালে ১টি।
সরকারি নির্দেশে কিছু বিশ্ববিদ্যালয় আউটার ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হলেও ভর্তি ও পরামর্শ কেন্দ্র নামে আউটার ক্যাম্পাস পরিচালনা করছে, যা বিশ্ববিদ্যালয় আইনের সাথে সাংঘর্ষিক।
আহসান উল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী রফিকুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়গুলো যাতে স্থায়ী ক্যাম্পাসে যায় সে জন্য চেষ্টা করে যাচ্ছে। মার্কেটের ওপর বিশ্ববিদ্যালয় হলে শিক্ষার মান নষ্ট করছে বলে তিনি অভিযোগ করেন।
রাজধানীর অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড আবুল হোসেন সিকদার বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ভালো করার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়গুলোকে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার জন্য পর্যাপ্ত সুযোগ দিতে হবে। ইউজিসির সচিব মো. খালেদ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান ঠিক রাখতে হবে। অনেক বিশ্ববিদ্যালয় ব্যবসায়িক উদ্দেশ্যে শাখা ক্যাম্পাস পরিচালনা করছে, এটা ঠিক নয়।
