পাকিস্তান ছাড়ছে তালেবান। সেনাদের সাড়াশি অভিযানের মুখে তারা পালাচ্ছে। কিন্তু ধরা পড়ার হাত থেকে বাঁচতে তার আগে ক্লিনশেভ করে নিজেদের তালেবানি বেশভুষা পাল্টে নিচ্ছে তারা। তালেবানের এই পিছু হটার ঘটনাকে বড় সফলতা হিসেবে দেখখে পাক সেনাবাহিনী। খবর দ্য ডন ও এএফপির।
মিরানশাহের অন্যতম শীর্ষ ক্ষৌরকার আজম খান। উত্তর ওয়াজিরিস্থানের প্রধান শহর এটি। সেনা অভিযানের ভয়ে এ শহরের অধিকাংশ লোকও পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি জানান, জুন মাসে তার ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। সেনা অভিযানের প্রাক্কালে তালেবান যোদ্ধারা তাদের চুল দাঁড়ি কেটে পালাতে শুরু করে। আজম খান বলেন, সেনা অভিযানের সময় আমি সাতশ’র বেশি স্থানীয় ও উজবেক জঙ্গিদের চুল ও দাঁড়ি ছেেঁটছি। দীর্ঘদিন ধরে তিনি তেহিরক-ই-তালেবানের (টিটিপি) সাবেক নেতা হাকিমুল্লাহ মেহসুদের মতো করে অন্য তালেবান কমান্ডারদের চুল ও দাঁড়ির স্টাইল ঠিক করতেন। কিন্তু মে মাস থেকে স্টাইলে পরিবর্তন আসে। উল্লেখ্য গত নভেম্বরে মার্কিন ড্রোন হামলায় টিটিপি নেতা নিহত হন।
আজম খান বলেন, এসব কমান্ডারই পরে এসে আমাকে বলেন চুল ছোট করতে ও দাঁড়ি ছেঁটে দিতে। এসব কমান্ডার জানান, পাকিস্তানি বিমানবন্দরের ঝামেলা এড়াতে নতুন বেশ ধারণ করছেন। পার্বত্য এলাকা উত্তর ওয়াজিরিস্তানে পাক সেনাবাহিনী গত ১৫ জুন অভিযান শুরু করে। দেশজুড়ে তালেবানের একের পর এক হামলার পর পাক সরকার তাদের নির্মূলে অভিযানের সিদ্ধান্ত নেয়। এতোদিন ওই্ এলাকার লোকজন তালেবানের ভয়ে তাদের বিষয়ে মুখ বন্ধ করে ছিল। কিন্তু সময় অনুকূল হওয়ায় তারা এখন তালেবানের সম্পর্কে নানা তথ্য দিতে শুরু করেছে।
