এ সময় খাবারের বৈচিত্র্যে সেজে ওঠে আমাদের ইফতারের আয়োজন। প্রচলিত খাবারের আইটেমগুলোর বাইরে কিছু ভিন্ন স্বাদের খাবারের রেসিপি নিয়ে আমাদের এবারের আয়োজন
পনির এগরোল
উপকরণ :ময়দা ১ কাপ, ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, পনির আধা কাপ, ডিম ৩টি, পেঁয়াজ আধা কাপ, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।
উপকরণ :একটা ডিম, ময়দা ও কর্নফ্লাওয়ারের সাথে পানি মিশিয়ে পাতলা ডো তৈরি করুন। তেলে টিস্যু ভিজিয়ে নন-স্টিক ফ্রাইপ্যানে মুছে নিন। এবার এই পাতলা তেলের আস্তরণসহ ফ্রাইপ্যান চুলায় গরম হতে দিন। এবার গোল চামচে ডো নিন, আর ফ্রাইপ্যানটাকে চুলার উপর থেকে সরিয়ে ফেলুন। প্যানের উপরে এবার পাতলা করে ডো বিছিয়ে দিন। অনেকটা পাটিসাপ্টা রুটি তৈরির মতো করে ফ্রাইপ্যানে ডো বিছিয়ে চুলায় দিয়ে ভেজে তুলুন। খেয়াল রাখুন, কোনো রঙ ধরার আগেই চুলা থেকে রুটি নামিয়ে ফেলুন। অপর একটা ফ্রাইপ্যানে পেঁয়াজ ভাজুন। পেঁয়াজ নরম হয়ে গেলে দুইটি ডিম ভেঙে পেঁয়াজের মধ্যে দিয়ে ঝুরা তৈরি করুন। পনির গ্রেড করে নিন। ডিমের ঝুরা ঠাণ্ডা করে পনিরের সাথে মিশিয়ে পুর তৈরি করুন। এবার একেকটি রুটির মধ্যে পুর বিছিয়ে রুটির দুই মাথা ভাঁজ দিয়ে রোল তৈরি করে নিন। এবার রোলের মুখ বন্ধ করার জন্য একটু আটা পানি দিয়ে গুলে আঠা তৈরি করে নিন। এই আঠা দিয়ে রোলের মুখ বন্ধ করে নিন। এবার রোলগুলো ফ্রিজে আধ ঘণ্টা ঠাণ্ডা করে তেলে ভেজে নিন।
০০০০০০০০০০
চিকেনবান
উপকরণ :২ কাপ ময়দা, ১ চা চামচ ইস্ট, আধা চা চামচ বেকিং সোডা, ১টি ডিম, ২ চা চামচ গুঁড়া দুধ, ১ চামচ চিনি, আধা চা চামচ লবণ, ১ কাপ মুরগির মাংস কিউব করে কাটা, পেঁয়াজ আধা কাপ, আদা রসুন বাটা আধা চা চামচ, কাঁচা মরিচ কুচি ২ চা চামচ, সয়াসস ২ চা চামচ, চিনি আধা চা চামচ, ধনে পাতা কুচি ২ চা চামচ, রান্নার জন্য তেল পরিমাণমতো, লবণ পরিমাণমতো।
উপকরণ :ডো তৈরির জন্য গরম পানি করে নিন। গরম পানিতে গুঁড়া দুধ, চিনি ও ইস্ট মিশিয়ে নিন। বলের মধ্যে ২ কাপ ময়দা নিন। সাথে বেকিং সোডা আর লবণ দিন। এবার গোলানো ইস্ট একটু একটু করে ময়দায় ঢেলে নরম করে ময়ান দিয়ে ডো তৈরি করুন। এভাবে বোলে ঢাকনা দিয়ে ১০ মিনিট রেখে দিন। ১০ মিনিট পরে ২ টেবিল চামচ তেল দিয়ে আবার ময়ান করুন ৪-৫ মিনিট। এবার বোল কাগজে মুড়িয়ে ২ ঘণ্টা রেখেদিন। প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ ভাজুন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে আদা, রসুন, মুরগির কিমা দিয়ে ভাজুন। এবার এতে আধা কাপ পানি নিয়ে মুরগি রান্না করে নিন। পানি শুকিয়ে গেলে কাঁচামরিচ কুচি, সয়াসস, চিনি, ধনেপাতা কুচি দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে ফেলুন।
২ ঘণ্টা পরে কাগজের মোড়ক খুলে আবার ময়ান দিন। এবার এই ময়দার ডো দিয়ে ছোট ছোট বল তৈরি করে তাতে রান্না মাংসের পুর দিন। এবার বলে মুখ ভালো করে বন্ধ করে নিন। বেকিং ট্রেতে তেল ব্রাশ করে একেকটা বল যে দিকটা বন্ধ করা হয়েছে সেইদিনটা নিচের দিকে দিয়ে ট্রেতে সাজিয়ে নিন। বলগুলো প্রতিটির মাঝে কিছুটা জায়গা ফাঁকা রাখুন। এভাবে ১৫ মিনিট রেখে দিন। ওভেন প্রিহিট করে নিন ১০ মিনিট। এবার ১৬০ ডিগ্রি তাপে বলগুলোকে ২০-২৫ মিনিট বেক করুন। তৈরি হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।
০০০০০০০০০০০০
অনিয়ন রিং
উপকরণ :বড় পেঁয়াজ ২টি (চাক চাক করে কাটা), ডিম ১টি, সয়াসস ২ টেবিল চামচ, ময়দা আধা কাপ, বেকিং পাউডার ১ চিমটি, ব্রেডক্রাম ২ কাপ, লাল মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ পরিমাণমতো, তেল ভাজার জন্য।
প্রণালি :পেঁয়াজের চাক থেকে রিংগুলো খুলে আলাদা করুন। একটু লবণ ও মরিচের গুঁড়া মাখিয়ে রাখুন। ডিম, ময়দা, মরিচগুঁড়া, বেকিং পাউডার ও পানি একসাথে মিশিয়ে ঘন ডো তৈরি করুন। ফ্রাইপ্যানে তেল গরম করুন। পেঁয়াজের রিংগুলো ময়দার ডোতে চুবিয়ে ব্রেডক্রামে গড়িয়ে ডুবো তেলে ভাজুন। পরিবেশন করুন মচমচে অনিয়ন রিং।
০০০০০০০০০০
ভেজ টোস্ট
উপকরণ :ফুলকপি মিহি কুচি ৪ টেবিল চামচ, বরবটি মিহি কুচি ২ টেবিল চামচ, গাজর মিহি কুচি ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, পেঁয়াচ কুচি মাঝারি ১টি, ভাজার জন্য তেল, পাউরুটি পিস ২টি, ডিম ১টি, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।
প্রণালি :সব সবজিগুলো সিদ্ধ করে নিন। এবার সবজি সিদ্ধ, ডিম, কর্নফ্লাওয়ার পেঁয়াজ, কাঁচা মরিচ সব একসাথে মাখিয়ে নিন। এবার পাউরুটির পিসের দু পাশে সবজিগুলো লাগিয়ে তেলে ভেজে নিন। ভাজার পর কোণাকোণি করে কেটে নিন পরিবেশন করুন।
০০০০০০০০০০
ফালাফাল
উপকরণ :২ কাপ চানা ডাল, মাঝারি মাপের পেঁয়াজ কুচি, রসুন ৬ কোয়া, ১ চা চামচ ধনে গুঁড়া, ১ চা চামচ জিরা গুঁড়া, আধা চা চামচ গোল মরিচ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া, বেকিংসোডা আধা চা চামচ, ১ কাপ ধনেপাতা কুচি, ১/৪ কাপ ময়দা বা চালের গুঁড়া, লবণ পরিমাণমতো, ভাজার জন্য তেল, সাদা তিল গার্নিশের জন্য।
প্রণালি :ডাল সারা রাত ভিজিয়ে রাখুন। ডাল ব্লেন্ড করার আগে খেয়াল করুন যেন ডালের পানি পুরোপুরি ঝরে যায়। এর জন্য ডালে পানি ঝরিয়ে ফ্যানের নিচে একটু শুকিয়ে নিন। এবার ডালসহ বাকি সব উপকরণ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। শুধু বাকি রাখুন ভাজার জন্য তেল, সাদা তিল আর ময়দা। ব্লেন্ডার থেকে পুরো মিশ্রণটি একটি বোলে নিয়ে সাথে ময়দা বা চালের গুঁড়া মিশিয়ে নিন। চুলায় তেল গরম হতে দিন। এই ফাঁকে মিশ্রণটি থেকে বড়া বানিয়ে দুইপাশে সাদা তিল মাখিয়ে ডুবো তেলে মাঝারি আঁচে ভেজে তুলুন। টকমিষ্টি যেকোনো সস, মুড়ি কিংবা শসার সালাদের সাথে পরিবেশন করুন।
