ঈদে নতুন পাঞ্জাবি

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২০:০১
ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে ছেলেদের পছন্দের তালিকায় থাকে পাঞ্জাবি। নিজের পছন্দসই পাঞ্জাবি পেতে হলে আপনাকে একটু ঘুরেফিরেই কিনতে হবে। বাহারি পাঞ্জাবির খোঁজখবর নিয়ে এবারের আয়োজনে লিখেছেন নাজনীন শিমু ঈদে তো অবশ্যই যেকোনো উত্সবে পাঞ্জাবির বিকল্প নেই। ঈদকে সামনে রেখে আমাদের দেশীয় ফ্যাশন হাউসগুলো বরাবরের মতো সাজিয়েছে পাঞ্জাবির পসরা। পাঞ্জাবি যেন হয়ে উঠেছে ডিজাইনারের সাদা ক্যানভাস। ফ্যাশন হাউসগুলোর পাঞ্জাবির সংগ্রহে থাকছে নতুন নকশা, নতুন রং। কাটিংয়েও এসেছে পরিবর্তন, বাজার দখল করে আছে শর্ট আর সেমি লং পাঞ্জাবি। পাঞ্জাবিতে ভিন্ন মাত্রা যোগ করছে দেশীয় ফ্যাশন হাউসগুলো—এ ব্যাপারে সন্দেহ নেই। তবে ফ্যাশন হাউসগুলোর পাশাপাশি নগরীতে বেশকিছু মার্কেট রয়েছে, সেগুলোতে বিভিন্ন রকম নিত্যনতুন ডিজাইনের পাঞ্জাবি পাওয়া যায়। যেকোনো বয়সী পুরুষকে যদি জিজ্ঞেস করা হয় এবার ঈদে কী কিনছেন, প্রায় সকলের কাছ থেকে একই উত্তর পাওয়া যাবে। আর তা হলো পাঞ্জাবি। তার তাই ফ্যাশন হাউজগুলোর পাঞ্জাবি নিয়ে এই তোড়জোড়। এবারের ঈদেও পিছিয়ে নেই কোনো ফ্যাশন হাউস এবং ফ্যাশন হাউস বাদেও বেশ কিছু মার্কেটে ছেলেদের ফ্যাশনের কথা মাথায় রেখে শুরু হয়ে গিয়েছে ঈদের কালেকশনের কেনাবেচা। চলুন তবে দেখে নেয়ওা যাক এবারের ঈদে ছেলেদের ফ্যাশনেবল পাঞ্জাবি। গরম এবং বৃষ্টি দুটোর কথাই মাথায় রেখে এবারের ঈদে পাঞ্জাবির কাপড়ে এসেছে ভিন্নতা। প্রতিবারের মতোই নতুন সব ডিজাইনের পাঞ্জাবি দেখা যাচ্ছে সব স্থানেই। বর্ষার ম্যাড়ম্যাড়ে আবহাওয়াকে দূর করতেই যেন রঙিন সব কাপড় ব্যবহার করা হচ্ছে পাঞ্জাবিতে। লাল, খয়েরি, কমলা, নীল, কালো, সাদা, ছাই, হালকা সবুজ বেগুনি ইত্যাদি রঙের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে সকল মার্কেটে এবং এই সকল আধুনিক কাটছাঁটের পাঞ্জাবির দাম নির্ভর করছে এর কারুকাজের উপর। এবারের ঈদের পাঞ্জাবির কাপড়ের মধ্যে রয়েছে খাদি, মটকা, সুতি, রাজশাহী সিল্ক, আদি মহিশুর সিল্ক, অ্যান্ডি সিল্ক, প্রিন্স সামসী, কুশান, কাসিস, খানশা, শাহজাদা আদি, জয়শ্রী সিল্ক, অ্যান্ডি কটন, ইন্ডিয়ান সিল্ক, জাপানি ইউনিটিকা, তসর, সামু সিল্ক, ধুতিয়ান, ইন্ডিয়ান চিকেনসহ আরও নানা ধরনের কাপড়। কাপড় এবং কারুকাজের ওপর নির্ভর করে এসব পাঞ্জাবি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৫-৬ হাজার টাকার মধ্যে। ঢাকার অন্যতম বড় পাঞ্জাবির বাজার পীর ইয়ামেনি মার্কেট। এ ছাড়া রয়েছে নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড মার্কেট, মালিবাগ, মৌচাক, সদরঘাট, গুলিস্তানসহ নানা ব্র্যান্ডের ফ্যাশন হাউসগুলোর শোরুমে পাওয়া যাচ্ছে পাঞ্জাবি। ব্র্যান্ডধারী পোশাকের শো’রুমগুলোর মধ্যে রয়েছে মেনজ ক্লাব, জেন্টল পার্ক, অঞ্জন’স, কে-ক্র্যাফট, সাদাকালো, বাংলার মেলা, রঙ, স্বদেশী, দেশি দশ, ওটু, আর্টিস্টি, ফ্রিল্যান্ড, ইয়েলো, মনসুন রেইন, ক্যাটস আই, স্মার্টেক্স, প্লাস পয়েন্ট, আজিজ সুপার মার্কেটের ফেরীওয়ালা, নিত্যউপহার, তারা মার্কা, আব্রু, স্বপ্নবাজ, মেঠোপথ, লাল-সাদা-নীল, দেশালসহ আরও অনেক দেশি হাউস। মডেল সারেক মাহমুদ পোশাক মেনজ ক্লাব ছবি আবু নাসের