পাসওয়ার্ড চুরি করবে গুগল গ্লাস

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২০:০২
গ্যাজেট ব্যবহারকারীদের কাছে গুগল গ্লাস একটি আকাঙ্ক্ষিত পণ্যের নাম। তবে এর মাধ্যমে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা হুমকির মুখে পড়তে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন অনেক প্রযুক্তি বিশ্লেষকই। এবারে লোয়েলে ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটের সাইবার ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছে, স্মার্টফোন বা ট্যাবলেট পিসির পাসওয়ার্ডও চুরি করতে সক্ষম গুগল গ্লাস। এর জন্য গুগল গ্লাস ব্যবহারকারীকে খুব বেশি কাছেও থাকতে হবে না। ১০ ফুট দূর থেকেও কোনো ডিভাইসে পাসওয়ার্ড প্রবেশ করানো হলে তা গুগল গ্লাসের ভিডিও ফিচারের মাধ্যমে ধারণ করে ওই পাসওয়ার্ডটি বের করে ফেলা সম্ভব। ওই বিশেষজ্ঞ দল একটি বিশেষ সফটওয়্যার তৈরি করেছেন যেটি ওই পাসওয়ার্ড প্রবেশের ভিডিওতে আঙুলের অবস্থান বিশ্লেষণ করে সঠিকভাবে পাসওয়ার্ডটি বলে দিতে পারে। আইফোন, আইপ্যাড, গুগল নেক্সাসের মতো সব হাই-এন্ড ডিভাইসের পাসওয়ার্ড এই পদ্ধতিতে বের করা গেছে বলে জানিয়েছেন তারা। গুগল গ্লাস ব্যবহারকারী কারও সামনে তাই পাসওয়ার্ড ব্যবহার করা কতটা নিরাপদ, ভেবে দেখার মতো বিষয়।