নন্দিত অভিনেত্রী, পরিচালক ও সংগীতশিল্পী রুমানা রশীদ ঈশিতা ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন শ্রোতাদের জন্য। গানের শিরোনাম হলো ‘আমার অভিমান’। গানটি লিখেছেন ও সুর করেছেন লুত্ফর হাসান এবং সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল। ঈদে জি-সিরিজ থেকে গানটি প্রকাশিত হবে। গানটি প্রসঙ্গে ঈশিতা বলেন, ‘গানটার কথা আমার খুব ভালো লেগেছে। লুত্ফর হাসান চমত্কার লিখেছেন। আর সুরটাও খুব কাছের মনে হলো, যেন মন ছুঁয়ে যাওয়ারই মতো। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।’ গত বছরের ১১ অক্টোবর ‘তোমার জানালায়’ শিরোনামে চ্যানেলে আইতে প্রকাশিত হয় গানটি। গানটির কথা লিখেছেন সোহেল আরমান এবং সুর-সংগীত করেছেন ইবরার টিপু। ২০০২ সালে আহমেদ রিজভীর কথায় এবং প্রনব ঘোষের সুর-সংগীতে ঈশিতার ‘রাত নিঝুম’ অ্যালবামটি প্রকাশিত হয়েছিল। এরপর তাঁকে আর গানে পাওয়া যায়নি। ছোটবেলায় ঈশিতা আনিসুর রহমান তনুর কাছে গানে তালিম নিতেন। এরপর টানা তেরো বছর ওস্তাদ ওমর ফারুকের কাছে এবং পরবর্তীতে আরো আট বছর সঞ্জীব দের কাছে গানে তালিম নেন। বর্তমানে তিনি নজরুল একাডেমির ইদ্রিস আলীর কাছে নিয়মিত তালিম নিচ্ছেন। সম্প্রতি ঈশিতা অভিনীত হামেদ হাসান নোমান পরিচালিত ‘আগুনের নোনাজল’ চ্যানেলে আইতে প্রচারিত হয়। এতে তাঁর বিপরীতে ছিলেন চিত্রনায়ক রিয়াজ। বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনাকে আবর্ত করেই ‘আগুনের নোনাজল’ নাটকের গল্প এগিয়ে যায়। নাটকটিতে অভিনয়ের জন্য ঈশিতা বেশ সাড়া পাচ্ছেন। তবে এবারের ঈদে আর কোনো নাটক-টেলিফিল্মে দেখা যাবে না তাঁকে। ঈশিতা অভিনীত একমাত্র সিনেমা প্রয়াত আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ‘বিহঙ্গ’।
