স্পর্শিয়ার অন্যরকম ঈদ

আপডেট : ২৯ মে ২০১৯, ১৮:৩৫

 ই ম রু ল  নূ র

 

এবারের ঈদে বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে অর্চিতা স্পর্শিয়ার প্রথম ছবি ‘আবার বসন্ত’। এর মাধ্যমে প্রথমবারের মতো রুপালি পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রীর। ঈদের মতো উত্সবে নিজের সিনেমা মুক্তি পাওয়ায় বেশ উচ্ছ্বসিত স্পর্শিয়া। তিনি বলেন, ‘আমার ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে গিয়েছে। এবার ঈদে আমার প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে, তাই এই ঈদটা আমার কাছে খুব স্পেশাল এবং এই ঈদটা আমার কাছে সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে! ঈদের দিন থেকে সব হলে হলে গিয়ে সিনেমাটি দেখব।’ সিনেমাটির গল্প ও চরিত্র নিয়ে তিনি বলেন, ‘একটি পারিবারিক ও সামাজিক গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। এখানে একাকীত্বের চিত্র আছে, আছে সমাজের বিচিত্র দিকের কথা। আমাদের আশপাশে ঘটে যাওয়া ঘটনা নিয়েই গল্প সাজানো হয়েছে। আমার চরিত্রটি হলো—আমি খুব মডার্ন একটি মেয়ে যে কি না সবকিছু নিজের মতো করে করতে পছন্দ করে। খুব চঞ্চল, একাকী ও স্বাধীনচেতা সে। এতটুকু বলতে পারি, বেশিরভাগ মেয়ে তাদের জীবনের কোনো ঘটনার সঙ্গে সিনেমাটির গল্প মেলাতে পারবেন।’ সিনেমাটিতে গুণী ও সিনিয়র একজন অভিনয়শিল্পীর সঙ্গে জুটি বেঁধে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘তারিক আনাম খানের সঙ্গে আগেও কিছু নাটকে অভিনয় করেছি। সেই জায়গা থেকে এই ছবির কাজের সময় স্বাচ্ছন্দ্যের জায়গাটা অনেক প্রশস্ত ছিল। আর অতি আধুনিক একজন মানুষ তারিক আনাম খান। তাঁকে আমি সবসময় অভিনয়ের একটা স্কুল মনে করি। তাঁর সঙ্গে অভিনয় করাটা সবসময় এনজয় করি। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। খুব মজা করেই কাজ করেছি।’

স্পর্শিয়া বলেন, ‘আমার কাছে বছরের প্রতিটা দিনই উত্সব। সত্যি বলতে কি, ঈদের পুরোটা সময়ই আমি ঘুমাই, নয়তো কোথাও ঘুরতে চলে যাই। গত কয়েক বছর দেশে ছিলাম না, বাইরে ছিলাম। যখন আসলে একটু ছুটি পাই, সেই সময়টা নিজেকে দিই। এবার ঈদে না ঘুমিয়ে হলে হলে গিয়ে ছবি দেখব। এমনিতেও প্রায় সব সিনেমাই হলে গিয়ে দেখা হয়। আর এটা আমার প্রথম মুক্তি পেতে যাওয়া সিনেমা, অবশ্যই হলে গিয়ে দর্শদের সঙ্গে এক সারিতে বসে দেখার ইচ্ছা আছে।’

ঈদে আরো কিছু সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। সেখানে অন্যান্য নায়িকা বা ছবিকে প্রতিদ্বন্দ্বী মনে করেন কি না, এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি ছোটবেলা থেকেই কোনো বিষয়কে আমি প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী হিসেবে দেখি না। আর আমি তেমনটা ভাবছিও না। আমি চাই, ঈদে আরো অনেক বেশি সিনেমা রিলিজ হোক। ঈদ কেন, প্রতিদিনই কারো না কারো কোনো সিনেমা মুক্তি পাক। আমি বলব না শুধু আমার সিনেমা ব্যবসাসফল হোক, চাই সবার সিনেমাই সফল হোক। এতে করে তো আমাদের ইন্ডাস্ট্রিরই উন্নতি হবে। আমার সিনেমার পাশাপাশি শাকিব খান বা আরো যাদের সিনেমা রিলিজ হচ্ছে, আমি সেগুলোও দেখতে যাব। আমাদের ইন্ডাস্ট্রিটাই বা কত বড়! এতটুকু জায়গা, এখানেও যদি আমরা সবাই এত প্রতিযোগিতা করি, একজন আরেকজনের পাশে না দাঁড়াই তাহলে তো সবারই না খেয়ে থাকতে হবে।’