ক্রিকেট নিয়ে ঈদের নাটক

বাইশ গজের ভালোবাসা

আপডেট : ২৯ মে ২০১৯, ১৮:৩৫

 

চ্যানেল আইতে ঈদের আগের দিনের নাটক মানেই রেজানুর রহমানের নাটক। সেই ধারাবাহিকতায় রেজানুর রহমান এবার নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘বাইশ গজের ভালোবাসা’। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ক্রিকেটকেই বিষয়বস্তু করে নাটকটি নির্মাণ করা হয়েছে। নাটকের গল্পে দেখা যাবে, আকবর নামের একজন যুবক ভাড়ায় ট্যাক্সি চালায়। এটিই তার পেশা। ছোটবেলা থেকেই ক্রিকেটের ভক্ত। ক্রিকেটের ওপর পড়াশোনা করার জন্য বিকেএসপিতে ভর্তিও হয়েছিল। কিন্তু পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি বাবার হঠাত্ মৃত্যুর পর ক্রিকেট নিয়ে আর পড়াশোনা করা সম্ভব হয়নি। সাধারণ লাইনে পড়াশোনা করে সে। ডিগ্রি পাসের পর চাকরি না পেয়ে ট্রাক্সি চালানোকেই পেশা হিসেবে বেছে নেয় এবং একসময় বিয়ে করে। ক্রিকেট খেলতে না পারলেও ক্রিকেটের প্রতি তার অগাধ ভালোবাসা। বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডে খেলতে গেছে বাংলাদেশ। তাই নিয়ে তার মাঝে ব্যাপক উত্তেজনা শুরু হয়। এদিকে এলাকার সবাই জেনে ফেলেছে আকবর ১৯৭১ গজের পতাকা বানাচ্ছে। কাজেই সে অনেক টাকার মালিক হয়েছে। কিন্তু বাস্তবতা হলো ঈদ উপলক্ষে পরিবারের জন্য যে বাড়তি খরচ করবে, সে টাকাও আকবরের কাছে নেই। এই নিয়ে স্ত্রীর সঙ্গে আকবরের মনোমালিন্য দেখা দেয়। হঠাত্ নিজের ট্যাক্সিতে ২ লাখ ৬৫ হাজার টাকার একটি প্যাকেট ও একটি মোবাইল ফোন পায় আকবর। এবার কী করবে আকবর?  নাটকটির বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় জাভেদ ওমর বেলিম। আরো অভিনয় করেছেন রওনক হাসান, মিশু চৌধুরী, মোহাম্মদ বারী, হাফিজুর রহমান সুরুয, মাহবুবা রেজানুর, মিন্টু সরদার, উপন্যাস রহমানসহ গ্রুপ থিয়েটার ফেডারেশন ভুক্ত বিভিন্ন নাট্য সংগঠনের একদল নিবেদিতপ্রাণ কর্মী। ঈদের আগের দিন ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে নাটকটি প্রচারিত হবে।