তালায় ভেঙ্গে যাওয়া কালভার্ট আজও নির্মিত হয়নি

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২০:৫৩
সাতক্ষীরার তালা উপজেলার ছোটকাশীপুর-খোর্দ বটতলার কালভার্টটি দীর্ঘ এক বছর আগে ভেঙ্গে গেলেও এখনও পুনঃনির্মাণ না করায় আট গ্রামের মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। কালভার্টের স্থলে দেয়া হয়েছে কাঠ-বাঁশের সাঁকো ও চরাট। যার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই রয়েছে। গত বছর কপোতাক্ষের উজানের পানি ও সৃষ্ট বন্যায় পাটকেলঘাটা হতে কাশীপুর পানি নিষ্কাশনের একটি মাত্র কালভার্ট প্রচণ্ড পানির চাপে সম্পূর্ণ ভেঙ্গে পানিতে তলিয়ে যায়। যার কারণে সরুলিয়া, কুটিঘাটা, সানতলা, ফুলবাড়ী, ধানদিয়া, এনায়েতপুর, শার্শাসহ কলারোয়ার সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রায় ১ মাস পরে স্থানীয় এলাকাবাসী কালভার্টটির স্থানে কাঠের-বাঁশের সাঁকো ও চরাট তৈরি করে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ চরাটের উপর দিয়ে সাধারণ জনগণ ভ্যান, মোটরসাইকেল ও বাইসাইকেল পারাপার করতে গিয়ে প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হচ্ছে।