ঈদের ছবি ‘নোলক’

আপডেট : ২৯ মে ২০১৯, ১৮:৩৬

র ফি কু ল  ই স লা ম

 

এবারের ঈদে সারাদেশে মুক্তি পাচ্ছে ঢাকাই চলচ্চিত্র ‘নোলক’। সাকিব সনেট পরিচালিত ও প্রযোজিত এই ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন শাকিব খান ও ববি হক। ছবির গল্প প্রসঙ্গে ববি বলেন, ‘ছবির গল্প নিয়ে বেশি কিছু বলতে চাইছি না। মৌলিক গল্প নিয়ে এ ছবিটি নির্মাণ করা হয়েছে। আমি এতটুকু শুধুই বলব, এ ছবিতে শাকিব খান আর ববিকে দেখা যাবে না। ছবির দুই চরিত্র শাওন আর কাজলাকে দেখা যাবে। ছবিতে তাদের ইনোসেন্ট লাভ ফুটে উঠেছে। সব কিছু মিলে এ ছবিটি খুব সুন্দর একটি গল্পে তৈরি হয়েছে। ছবিতে পুরো প্যাকেজ থাকছে দর্শকদের জন্য।’ ছবিতে ‘কাজলা’ চরিত্রে অভিনয় করেছেন ববি। ছবিতে নিজের চরিত্রটি নিয়ে তিনি বলেন, ‘কাজলা প্রতিবাদী, ইনোসেন্ট, খুব চঞ্চল আবার পারিবারিক ব্যাপারে খুব সিরিয়াস একটি মেয়ে। এক কথায়, আমাদের বাঙালি মেয়েরা যেমন হয়, কাজলা ঠিক তেমন। এই ছবিতে আমাকে অন্যরূপে দেখতে পাবেন দর্শকরা। আমার ক্যারিয়ারের সেরা ছবি এটি। আমি আমার চেষ্টার সবটুকু দিয়ে চেষ্টা করেছি ভালো অভিনয় করার।’ শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে এর আগে চারটি ছবিতে অভিনয় করেছেন ববি। চারটি ছবিই দর্শকপ্রিয়তা পেয়েছিল। পাশাপাশি হয়েছিল ব্যবসাসফল। এ ছবিতে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে ‘বিজলী’খ্যাত এ চিত্রনায়িকা বলেন, ‘শাকিব খানের সঙ্গে আমার অভিনীত ছবিগুলো বরাবরই ভালো হয়েছে। এ ছবির ক্ষেত্রে আমি বলব, এটা শাকিব খানের ওয়ান অব দ্য ফাইনেস্ট ওয়ার্ক। এ সময়ে শাকিব খানের দারুণ একটি ছবি এটি। এ ছবিতে শাকিব খান দারুণ অভিনয় করেছে। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা তো বরাবরই দারুণ। এ ছবিতে আমাদের চরিত্রগুলো বেশ প্রাধান্য পেয়েছে। যেটা একটি ছবির জন্য অনেক বেশি ইমপোর্টেন্ট। ঠিক ওইভাবে উপস্থাপন করা হয়েছে শাকিব খানকেও। তাই আমি বলব, এটা শাকিব খানের ওয়ান অব দ্য ফাইনেস্ট বেস্ট ওয়ার্ক!’