যশোরে চুরি হওয়া ট্রাক বাগমারায় উদ্ধার হেলপার আটক

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২০:৫৪
যশোরের অভয়নগর থেকে চুরি হওয়া একটি ট্রাক রাজশাহীর বাগমারা থেকে উদ্ধার হয়েছে। এর সঙ্গে জড়িত ট্রাকের হেলপার আনোয়ার হোসেনকে (৩৮) আটক করেছে পুলিশ। বাগমারা থানার ওসি আবু ওবায়দা খান জানান, গত শুক্রবার আনোয়ার হোসেন অভয়নগর থেকে একটি ট্রাক (যশোর ট ১১-৩২৬৪) চুরি করে। গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে রেখে ট্রাকের নম্বর প্লেট পরিবর্তন করে গতকাল সোমবার সকালে বাগমারার দেউলার নাটোর কোল্ডস্টোরেজে আলু নেয়ার জন্য নিয়ে আসা হয়। খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে বাগমারা থানা পুলিশ কোল্ডস্টোরেজ থেকে চুরি হওয়া ট্রাকটি উদ্ধার করে। এসময় সেখানে থাকা চালকের হেলপার আনোয়ার হোসেনকে আটক করে। ট্রাকের মালিক আদিত্য মজুমদার জানান, আনোয়ার হোসেন ট্রাক পরিষ্কার করার কথা বলে চুরি করে নিয়ে আসে। এ ব্যাপারে তিনি অভয়নগর থানায় একটি মামলা করেছেন।