থামছে না শিশুটির কান্না

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২১:০৬
মর্গে দু’দিন পড়ে থাকার পর অবশেষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় নিহত অজ্ঞাত সেই নারীর (৩০) লাশ গত রবিবার রাতে আঞ্জুমান মুফিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়েছে। কিন্তু নিহত ওই মহিলার কোলের দুই বছরের আহত কন্যা সন্তানের কান্না তো আর থামছে না। ওইদিনের সড়ক দুর্ঘটনায় নিহত ওই মহিলার কোলের শিশুটির পা ভেঙ্গে যায়। ভাঙ্গা পা নিয়ে আহত ওই শিশুটি বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের বিছানায় হাউ-মাউ করে কাঁদছে। শিশুসুলভ স্বভাবে বার বার ডাকছে মাকে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর অজ্ঞাত ওই নারীর পরিচয় উদ্ধারের জন্য মাইকিংসহ সব ধরনের চেষ্টা করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়েছে। প্রসঙ্গত গত শনিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ফুলবাড়ি হাওয়াখানা এলাকায় মেয়েকে কোলে নিয়ে সড়কের একপাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা নিহত হন। কোলের শিশুটি গুরুতর আহত হয়।