বিভিন্ন স্থানে ১০জনের মৃত্যু

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২১:০৮
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় দশ জনের মৃত্যুর খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। লামায় দগ্ধ হয়ে মারা গেছে দুই সহোদর শিশু বান্দরবানের লামা উপজেলার কুমারী চাককাটা ঝিরিতে গতকাল সোমবার সকালে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে সুমি আক্তার (৪) ও নাঈমা আক্তার (১)। রান্না ঘরের চুলা থেকে আগুন লেগে মো. ইলিয়াছের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ সময় শিশুদের মা-বাবা দুইজনের ঘরের বাইরে ছিল। বেনাপোলে পানিতে ডুবে শিশুর মৃত্যু যশোরের শার্শা উপজেলার ধলদা গ্রামে গতকাল সোমবার পুকুরের পানিতে ডুবে ফাদিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের পারিবারিক সূত্র জানায়, সবার অগোচরে বাড়ির পাশে পুকুর নেমে সে আর পানি থেকে উঠতে পারিনি। বরগুনায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার বরগুনার খোন্তাকাটা গ্রাম থেকে গতকাল সোমবার সকালে বেলাল (২৩) নামে একব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় গোয়াল ঘরে গরু বাঁধার জন্য গিয়ে আর ফিরে আসেনি। বরগুনা থানার ওসি শামসুল হক পিপিএম জানান, মেহগিনি গাছের সঙ্গে দড়ি বাঁধা অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নীলফামারীতে বিদ্যুত্স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু সোমবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শীতা রানী (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নে গতকাল সোমবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্টে জিতেন্দ্র নাথের স্ত্রী শীতা রানী (৪০) নামে এক গৃহবধূ মারা গেছেন। শীতা রানী ঝাড়ু দিয়ে নিজের ঘরে মাকড়শার ঝুল পরিষ্কার করার সময় বিদ্যুতের তার ছিড়ে গায়ে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। রোয়াংছড়িতে চালক নিহত বান্দরবানের রোয়াংছড়িতে গত রবিবার সন্ধ্যায় জীপ খাদে পড়ে জীপের চালক যত্নসেন তঞ্চঙ্গ্যা (৩৩) মারা যান। এ সময় আরো দুজন আহত হয়। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোয়াংছড়ি থানার ওসি আব্দুস সাত্তার জানান, নিয়ন্ত্রণ হারিয়ে জীপ খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে। সুন্দরগঞ্জে পানিতে ডুবে একজনের মৃত্যু গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গতকাল সোমবার পানিতে ডুবে হামিদুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। বাইপাস মোড়ের বুদ্ধি মিস্ত্রির পুত্র হামিদুলের সাথে কয়েক বছর আগে উত্তর ধুমাইটারী গ্রামের আজাহারের কন্যার বিয়ে হয়। বিয়ের পর থেকে হামিদুল শ্বশুর বাড়িতে বসবাস করতে থাকে। গতকাল সোমবার সকালে প্রতিবেশি তোজাম উদ্দিনের পুকুরে এলাকাবাসী তার লাশ ভাসতে দেখে। ওসি মোজাম্মেল হক জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। মিঠাপুকুরে মোটর সাইকেল আরোহী নিহত রংপুরের মিঠাপুকুরে গত রবিবার রাতে সড়ক দুর্ঘটনায় আব্দুল হালিম শুক্রা (৩০) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, মিঠাপুকুর-ফুলবাড়ী মহাসড়কের মোসলেমবাজার এলাকায় একটি মোটর সাইকেল খড়ি বোঝাই একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হন। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিত্সাধীন অবস্থায় মারা যান। লাকসামে পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লার লাকসামে গতকাল সোমবার পানিতে ডুবে আব্দুল্লাহি ওয়াসিয়াত সাবিত নামে ১৮ মাসের এক শিশু মারা গেছে। খেলার সময় সবার অজান্তে সে পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে লাকসাম সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান। টঙ্গীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার গাজীপুর মহানগরীর টঙ্গী থানার সফিউদ্দিন রোডের একটি ডোবা থেকে গতকাল সোমবার সকালে অজ্ঞাত পরিচয় (৩৫) এক ব্যক্তির হাত বাঁধা লাশ উদ্ধার করেছে টঙ্গী মডেল থানা পুলিশ। টঙ্গী থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, লাশের নাক, মুখ দিয়ে রক্তক্ষরণের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।