সাতক্ষীরায় দুই শতাধিক চোরাই মোটর সাইকেলসহ আটক ১১

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২১:২২
সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া দেড় হাজার অবৈধ মোটর সাইকেলের সন্ধানে সোমবার সকাল থেকে সাতক্ষীরা শহরের চারটি পুরাতন মোটর সাইকেলের শো-রুমে অভিযান চালিয়ে দু’শতাধিক মোটর সাইকেলসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। সাতক্ষীরা সদর থানার পুলিশকে সঙ্গে নিয়ে রাজধানীর মিরপুর থানার এসআই রাসেল এ অভিযানে নেতৃত্ব দেন। মিরপুর থানার এসআই রাসেল জানান, গত এক মাসে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে দেড় সহস্রাধিক মোটর সাইকেল চুরি হয়। গত রবিবার মোটর সাইকেল চুরির অভিযোগে ঢাকা থেকে আটক এক ব্যক্তির স্বীকারোক্তি মোতাবেক সাতক্ষীরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কাগজপত্রবিহীন অবৈধ দুই শতাধিক মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, সাতক্ষীরার সরদার ট্রেডিং, এ ওয়ান মটর, হোন্ডা বাজার, বিএমএল নামে চারটি পুরাতন মোটর সাইকেলের শো-রুম ও মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে পুরাতন মোটর সাইকেল ব্যবসায়ী সাগর, মিলন, রানা, মোস্তাফিজসহ এ পর্যন্ত ১১ জনকে আটক করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হক এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।