মিরপুরের পালপাড়া ব্রিজ যে কোন মুহূর্তে ভেঙ্গে পড়ার আশংকা

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২১:২৩
মিরপুর পৌরসভার মধ্যদিয়ে প্রবাহিত জিকে প্রধান খালের উপর নির্মিত পালপাড়া ব্রিজটি যে কোন মুহূর্তে ভেঙ্গে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছে এলাকাবাসী। ব্রিজের পূর্বপাশে মিরপুর পৌরভবন, ৪টি ওয়ার্ডসহ সাপ্তাহিক বৃহত্ পশুহাট ও পশ্চিম পাশে অবশিষ্ট ৫টি ওয়ার্ড ছাড়াও মিরপুর থানা, মিরপুর নতুন বাজার, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইলট স্কুল, সরকারি বালিকা বিদ্যালয় ও উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন প্রয়োজনে হাজার হাজার লোক জীবনের ঝুঁকি নিয়ে এ ব্রিজ দিয়ে যাতায়াত করে। দীর্ঘদিন অযত্ন ও অবহেলায় ব্রিজের রেলিং ও ঢালাই ভেঙ্গে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া প্রতিদিন শত শত ভারি ও হালকা যানবাহন চলাচল করছে। চলাচলের অনুপযোগী পালপাড়া ব্রিজটি অবিলম্বে নির্মাণের জোর দাবি করছে ভুক্তভোগী এলাকাবাসী।