মিঠাপুকুরে ক্যাথলিক মিশনে ডাকাতি ১০ লাখ টাকার মালামাল লুট

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২১:২৪
রংপুরের মিঠাপুকুরে ক্যাথলিক মিশনে গার্ড ও নার্সদের মারপিট করে নগদ টাকাসহ কমপক্ষে ১০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে অজ্ঞাত ডাকাত দলের সদস্যরা। গত রবিবার মধ্যরাতে বলদিপুকুরে এ ঘটনাটি ঘটে। ক্যাথলিক মিশনের ফাদার মাইকেল তিগ্যা জানান, উপজেলার রাণীপুকুর ইউনিয়নের বলদিপুকুর ক্যাথলিক মিশনে গত রবিবার রাত পৌনে ১ টায় প্রাচীর ডিঙ্গিয়ে একদল মুখোশধারী ডাকাত পাহারাদার কলম্বস লাকড়া ও ডেভিট কজুরকে বেঁধে রেখে নার্স রুমে প্রবেশ করে কয়েকজন নার্সকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এছাড়া ফাদার বিল্ডিং রুমে প্রবেশ করে তাদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ল্যাপটপ ও নগদ ৪ লাখ ৮০ হাজার টাকাসহ কমপক্ষে ১০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে কেটে পড়ে ডাকাত সদস্যরা। খবর পেয়ে ভোর রাতে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন মিঠাপুকুর থানা পুলিশ ও এডিশনাল এসপি।