সৈয়দপুরে মাদকাসক্ত পিতাকে পুলিশে দিয়েছে মেয়ে

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২১:২৬
সৈয়দপুর শহরের কয়ানিজপাড়া মহল্লায় গতকাল সোমবার সকালে মাদকাসক্ত এক বাবাকে পুলিশে দিয়েছে তার মেয়ে। পরে ভ্রাম্যমাণ আদালত গাঁজা সেবনের দায়ে ওই বাবাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। শহরের কয়ানিজপাড়া মহল্লার আব্দুল লতিফের ছেলে গোলাম মোস্তফা। নেশাখোরদের খপ্পড়ে পড়ে সেও মাদকাসক্ত হয়ে পড়ে। নেশার টাকার জন্য প্রতিদিনই সংসারের জিনিসপত্র নিয়ে বিক্রি করতে থাকে। এভাবে সে সংসারে প্রায় ছোটখাট জিনিসপত্র চুরি করে বিক্রি করে নেশা করে। তার অত্যাচারে পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে উঠেন। পরিবারের লোকজন অনেক চেষ্টা করেও তাকে নেশার জগত্ থেকে ফেরাতে ব্যর্থ হয়। ঘটনার দিন আবার নেশার টাকার জন্য বড় মেয়ের উপর চাপ দেয়। এ সময় মেয়ে তাকে টাকা দিতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে সে তার মেয়েকে বেদম মারধর করে জখম করে। পরে মেয়ে থানায় এসে অভিযোগ দেয়। পরে পুলিশ গোলাম মোস্তফাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমা আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর ইউএনও শফিকুল ইসলাম গাঁজা সেবনের দায়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডিত গোলাম মোস্তফাকে পরে কারাগারে পাঠানো হয়।