বলিউডের ঈদের জুটি

আপডেট : ২৯ মে ২০১৯, ১৮:৩৬

 রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

এই ঈদেও নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন সালমান খান। তাঁর অভিনীত ‘ভারত’ মুক্তি পাচ্ছে এই ঈদে। গত এক দশক ধরে ঈদে সালমানের নতুন সিনেমা মুক্তি পাওয়াটা যেন রেওয়াজে পরিণত হয়েছে। দর্শকরাও ঈদে সালমানের নতুন সিনেমার জন্য অপেক্ষায় থাকে।

বলিউডে এখন তিন খানেরই দুর্দিন চলছে। গত কয়েক বছর ধরে সালমান, আমির ও শাহরুখ—তিন জাদরেল খানের অভিনীত সিনেমাগুলো বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী সফলতা পায়নি, বরং কোনো কোনো সিনেমা রীতিমতো ফ্লপ করেছে। এ প্রসঙ্গে সালমান খান অভিনীত ‘টিউবলাইট’ ও ‘রেস থ্রি’র কথা বলা যায়। ফলে ‘ভারত’ নিয়ে অনেকটা টেনশনে আছেন সালমান। দর্শক আগের মতো তাঁর নামে সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়ছেন না, এটা বেশ ভালোভাবেই উপলব্ধি করেছেন তিনি। তাই নিজের বয়সের সঙ্গে মানানসই চরিত্র ও গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার ব্যাপারে সালমান এখন বেশ সিরিয়াস। সেই সিরিয়াসনেস নিয়ে সালমান হাজির হচ্ছেন ‘ভারত’-এ। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। নিজের পরিবারকে যে কোনো মূল্যে রক্ষা করার সংকল্প নিয়ে এক ব্যক্তির কৈশোর থেকে বার্ধক্যে উপনীত হওয়ার মর্মস্পর্শী গল্প ‘ভারত’। সাড়া জাগানো কোরিয়ান সিনেমা ‘অডি টু মাই ফাদার’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। তরুণ চিত্রপরিচালক আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমায় কাজ করেছিলেন এই বলিউড সুপারস্টার। তৃতীয়বারের মতো তাঁরা আবার একসঙ্গে কাজ করলেন  ‘ভারত’-এ। তরুণ থেকে বার্ধক্যে উপনীত হওয়া পর্যন্ত দেখানো হবে সালমান খান অভিনীত ভারত চরিত্রটিকে। নিজেকে পক্ব কেশে একজন বৃদ্ধ মানুষ হিসেবে পর্দায় তুলে ধরতে বিন্দুমাত্র দ্বিধা করেননি তিনি। সালমান দর্শকদের কাছে নিজেকে বৈচিত্র্যময় সাজে, ভিন্নতর চরিত্রে উপস্থাপনে মনোযোগী হয়েছেন বলা যায়। ৫৩ বছর বয়সী এই জনপ্রিয় অভিনেতা গতানুগতিক চরিত্রে পর্দায় উপস্থিত হয়ে বারবার প্রত্যাখ্যাত হতে চাইছেন না। দর্শকদের চোখে আগের মতো গ্রহণযোগ্য থাকতে কৌশলী হয়েছেন অনেকটা।

‘ভারত’-এ আবার ক্যাটরিনা কাইফের সঙ্গে পর্দাজুটি বেঁধেছেন সালমান। তাঁরা দুজন একসঙ্গে ম্যালা সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে হিট-সুপারহিট সিনেমাও রয়েছে। একসময় সালমানের প্রেমিকা হিসেবে ক্যাটরিনা পরিচিতি পেলেও একপর্যায়ে তাঁদের সম্পর্ক চুকে যায়। কিন্তু সালমান তাঁর বান্ধবীকে দূরে ঠেলে রাখতে পারেননি। প্রেমের সম্পর্ক ছিন্ন হলেও ক্যাটরিনার পাশে বন্ধু হিসেবে থাকতে চেয়েছেন। সেই সূত্রে তাঁর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় অনেকগুলো সিনেমায় নায়িকা হিসেবে তাঁর বিপরীতে অভিনয়ের সুযোগ করে দিয়েছেন। এ প্রসঙ্গে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’ প্রভৃতি সিনেমার কথা বলা যায়। পর্দায় তাঁদের দুজনের কেমিস্ট্রি দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। এবার ‘ভারত’-এ সালমান খানের বিপরীতে অভিনয় কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। অনেকদিন ধরে সালমানের সঙ্গে প্রিয়াঙ্কাকে কোনো নতুন সিনেমায় দেখা যায় না। সবাই ধরে নিয়েছিলেন এ দুই সুপারস্টারকে আবার দেখা যাবে একসঙ্গে। সবকিছু ঠিকঠাক থাকলেও শেষ পর্যন্ত সিনেমাটি ছেড়ে দেন প্রিয়াঙ্কা। নিক জোনাসের প্রেমে মজে বলিউড থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার কারণে প্রিয়াঙ্কা সিনেমাটি ছেড়ে দিতে দ্বিধা করেননি। পরবর্তীকালে সালমানের পছন্দে ‘ভারত’-এ ইন করেন ক্যাটরিনা কাইফ। এ সিনেমায় তাঁকে ব্যতিক্রমী একটি চরিত্রে দেখা যাবে। শাড়ি পরা আটপৌরে ভারতীয় নারীর লুকে ক্যাটরিনাকে দর্শক পছন্দ করবেন সন্দেহ নেই। এ সিনেমায় ক্যাটরিনা কাইফের কাজেও বেশ সন্তুষ্ট সালমান। সম্প্রতি তাঁর কাজের উচ্ছ্বসিত প্রশংসা করতে গিয়ে সালমান বলেই ফেলেছেন, ‘এ সিনেমায় ক্যাটরিনা দুর্দান্ত অভিনয় করেছে, যার জন্য তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া দরকার।’ সালমান খানের নায়িকা হিসেবে অভিনয় করতে করতে বোরড হয়ে যাওয়া ক্যাটরিনা নিজেও ‘ভারত’-এ তাঁর কাজ নিয়ে বেশ আশাবাদী। দেখা যাক, এবার সালমান-ক্যাটরিনা জুটি কতটা বাজিমাত করে।