তা হ মি না মি লি
৭২তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের সফল সমাপ্তি হয়েছে। এবারের উত্সবে সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেছেন ব্রিটিশ-আমেরিকান অভিনেত্রী এমিলি বিচাম। ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী অস্ট্রিয় চলচ্চিত্রকার জেসিকা হাওসনারস পরিচালিত ‘লিটল জো’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর ট্রফি জিতেছেন। এ সিনেমায় বিজ্ঞানী অ্যালিস চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন এমিলি বিচাম। বিজ্ঞানী অ্যালিস অনেক গবেষণার মাধ্যমে নতুন ধরনের একটি গাছ সৃষ্টি করতে সক্ষম হন, যা নিজেকে প্রয়োজন অনুযায়ী বদলাতে পারে। বিজ্ঞানী অ্যালিস চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর ট্রফি জিতবেন—এতটা আত্মবিশ্বাসী ছিলেন না এমিলি বিচাম। তাঁকে সবাই চেনেন এএমসি টেলিভিশন সিরিজ ‘হেইল সিজার’-এ চমত্কার অভিনয়ের কারণে। ২০১৭ সালের সিনেমা ‘ডাপনি’তে নাম ভূমিকায় তাঁকে দেখা গেছে। ম্যানচেস্টারে তাঁর জন্ম। এমিলির বাবা একজন ব্রিটিশ পাইলট আর মা আমেরিকান। আরিজোনায় মায়ের বাড়ি। মা-বাবার কারণে আমেরিকান-ব্রিটিশ দ্বৈত নাগরিকত্ব লাভ করেন এই অভিনেত্রী। ২০০৩ সালে ১৮ বছর বয়সে লন্ডনের একাডেমি অব মিউজিক অ্যান্ড ড্রামাটিক আর্ট থেকে গ্র্যাজুয়েশন করেন। ওখানে পড়ার সময়ই তিনি অভিনয়ের সুযোগ পেতে থাকেন। প্রথম তাঁকে দেখা যায় থ্রিলার সিনেমা ‘বন ভয়েজ’-এ। এখানে চমত্কার অভিনয়ের সুবাদে সবার মনোযোগ আকর্ষণে সক্ষম হন এমিলি। এরপর ‘টুয়েন্টি এইট উইকস লেটার’, ‘রাইজ অব দ্য ফুট সোলজার’, ‘আগাথা ক্রিস্টিস মার্পল’, ‘দ্য কলিং’, ‘বেসমেন্ট’, ‘দ্য থার্টিন্থ টেল’, ‘বার্লিন আই লাভ ইউ’ প্রভৃতি সিনেমায় তাঁকে দেখা গেছে। এ বছর তাঁর অভিনীত আরো দুটি সিনেমা :‘সালফার অ্যান্ড হোয়াইট’ ও ‘দ্য অক্টোপাস নেস্ট’ মুক্তি পাবে। বড় পর্দার চেয়ে ছোট পর্দায় তাঁকে বেশি ব্যস্ত থাকতে দেখা গেছে। ম্যালা টিভি সিরিজে অভিনয়ের মাধ্যমে নিজেকে একজন পরিপক্ব অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছেন বলে মনে করেন এমিলি বিচাম। কান চলচ্চিত্র উত্সবে সেরা অভিনেত্রী বিবেচিত হওয়ায় নিজের যোগ্যতা ও সক্ষমতা সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন এই ব্রিটিশ-আমেরিকান অভিনেত্রী। এই মুহূর্তে সারা পৃথিবীর সিনেমা দর্শকের মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। এটাকে অভিনয় জীবনের বিরাট অর্জন হিসেবে বিবেচনা করছেন এমিলি বিচাম। তাঁর প্রত্যাশা, আগামী দিনগুলোয় আরো চ্যালেঞ্জিং রোলে অভিনয়ের সুযোগ পাবেন।
