গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডমিল এলাকায় গতকাল সোমবার বিকালে একটি পোশাক কারখানার ১ কোটি ৩৩ লাখ টাকা ছিনতাই হয়েছে। কারখানা সূত্রে জানা যায়, আশুলিয়া থানার জামগড়া এলাকার ফ্যাশন ইট লি. নামে একটি পোশাক কারখানার হিউম্যান রিসোর্স অফিসার মো. রাইসুল ইসলাম ও কারখানার আইটি অফিসার মি. জিম ১ কোটি ৩৩ লাখ টাকা একটি কার্টনে ভর্তি করে গাড়িযোগে কালিয়াকৈর উপজেলার বোর্ডমিল এলাকায় একই কোম্পানির অপর একটি কারখানা উদ্দেশ্যে রওয়ানা দেন। সেখানে যাওয়ার পথে উপজেলার বোর্ড মিল বাজার কবরস্থানের নিকট পৌঁছিলে আগে থেকে ওত পেতে থাকা ৬ জনের একদল সশস্ত্র ছিনতাইকারী ৩টি মোটর সাইকেলযোগে এসে গাড়ির গতিরোধ করে। এর পর ছিনতাইকারীরা রিভলবারের মুখে তাদের কাছ থেকে কার্টন ভর্তি নগদ ১ কোটি ৩৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত মোটর সাইকেলযোগে পালিয়ে যায়। ছিনতাইকারীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় ৫/৬ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। কারখানার ম্যানেজার মো. আনিস মিয়া জানিয়েছেন টাকাগুলো ফ্যাশন ইট (২) কারখানার শ্রমিকদের বেতন। এ ঘটনায় মো. রাইসুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছেন।
