কুমিল্লার ঝুঁকিপূর্ণ ৫ উপজেলায় স্বাস্থ্যবিভাগের রেড এ্যালার্ট

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২১:৫৫
ভারতের ত্রিপুরা রাজ্যে ম্যালেরিয়া মহামারী আকার ধারণ করেছে। এতে ভারত সীমান্তবর্তী কুমিল্লার ঝুঁকিপূর্ণ ৫টি উপজেলা এলাকার গ্রামসমূহে সতর্কতামূলক রেড এ্যালার্ট জারি করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল সোমবার জেলার ৫টি উপজেলার ১৬টি ইউনিয়নের সকল মাঠ কর্মী ও কর্মকর্তাদের নিয়ে আয়োজিত জরুরি জেলা স্বাস্থ্য সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জানা যায়, সমপ্রতি ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই, ধামাই, গোমতী, দক্ষিণ ও উত্তর ত্রিপুরা জেলায় ম্যালেরিয়া প্রকটভাবে দেখা দিয়েছে। এতে ওই জেলাগুলোর সীমান্তবর্তী বাংলাদেশের গ্রামসমূহ ম্যালেরিয়া ঝুঁকিতে রয়েছে। ভারত সীমান্তবর্তী কুমিল্লার ঝুঁকিপূর্ণ ৫ উপজেলার গ্রামসমূহ চিহ্নিতকরণ, গত এক সপ্তাহে জ্বরের রোগীর সংখ্যা নিরূপণ এবং জ্বরের রোগীদের ম্যালেরিয়া রোগ সনাক্তকরণের ব্যবস্থা গ্রহণের জন্য জেলার সিভিল সার্জন ও সংশ্লিষ্ট সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণকে স্বাস্থ্য অধিদফতর থেকে নির্দেশনা দেয়া হয়েছে। এতে কুমিল্লার সিভিল সার্জন ভারত সীমান্তবর্তী ৫টি উপজেলার (চৌদ্দগ্রাম, আদর্শ সদর, সদর দক্ষিণ, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) সকল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ অন্য কর্মকর্তা ও মাঠকর্মীদের বিষয়টি তাত্ক্ষণিকভাবে অবহিত করেন। গতকাল সোমবার সন্ধ্যায় জেলার ৫ উপজেলায় রেড এ্যালার্ট জারির বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, সীমান্তবর্তী উপজেলার লোকজন এসময়ে যেন তাদের ভারতীয় আত্মীয়-স্বজনের বাড়িতে যাওয়া-আসা বন্ধ রাখেন এবং এলাকার সাধারণ জ্বরের রোগীকেও যেন সন্দেহ করে ম্যালেরিয়া রোগের পরীক্ষা করানো হয়। এছাড়া জেলা-উপজেলা, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধিসহ সীমান্ত রক্ষীদেরকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে এবং জ্বর আক্রান্ত কোন চোরাকারবারীর মাধ্যমে যেন ত্রিপুরা রাজ্যের ম্যালেরিয়া বাংলাদেশে প্রবেশ করতে না পারে এ বিষয়ে গণমাধ্যমসহ সকলকে সচেতনতা সৃষ্টির জন্য এগিয়ে আসতে হবে।