ঝালকাঠির ৬টি ব্রিজের ফাইল উধাও

সংবাদ পরিবেশন করায় সাংবাদিকদের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২১:৫৬
ঝালকাঠি এলজিইডি’র হালকাযান প্রকল্পে ৪ কোটি টাকার ৬টি ব্রিজের ফাইল উধাওয়ের সংবাদ পরিবেশন করায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আলোচিত ঠিকাদার মনিরুল ইসলাম ওরফে মনির হুজুর। ঝালকাঠীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল সোমবার মনির হুজুর বাদী হয়ে এ মামলা করেন। এদিকে এই মিথ্যা অভিযোগে মামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মামলার পূর্বে সাংবাদিকদের কাছে মনির হুজুরের পক্ষ থেকে পাঠানো লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, সংবাদ প্রকাশের আগে সাংবাদিকরা চাঁদা চেয়ে না পাওয়ায় এই সংবাদ পরিবেশন করে। এতে তার ১ কোটি টাকার মানহানি হয়েছে। ৩ দিনের মধ্যে এ বিষয়ে জবাব চেয়ে তার আইনজীবীর মাধ্যমে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ঝালকাঠীতে কর্মরত যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি দুলাল সাহা এবং দৈনিক সমকাল ও চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি জিয়াউল হাসান পলাশকে এই লিগ্যাল নোটিশ দেয়া হয়। তারা নোটিশ পাওয়ার পর গত বৃহস্পতিবার আইনজীবীর মাধ্যমে নোটিশ দাতার কাছে ৭ দিনের মধ্যে চাঁদা চাওয়ার প্রমাণসহ ব্যাখ্যা চেয়ে জবাব দেন। ঠিকাদার মনির হুজুর ব্যাখ্যা না দিয়ে গতকাল আদালতে এই মামলা দায়ের করেন।