নাম তাঁর দিয়া, পুরো নাম তাজ আক্তার দিয়া। একজন শুদ্ধ সুরের সংগীতশিল্পী। ছোটবেলা থেকেই গানে তাঁর আদর্শ রুনা লায়লা ও লতা মুঙ্গেশকার। তাঁদের গায়কী তাঁর মন ছুঁয়ে যেত। যে কারণে ছোটবেলায় তাঁদের গানেই নিজেকে খুঁজে পেতেন দিয়া। ছোটবেলায় দিয়ার গানে হাতেখড়ি হয়েছে তাপস কুমার দাসের কাছে। নিজেকে পূর্ণাঙ্গরূপে একজন সংগীতশিল্পী হিসেবে গড়ে তোলার পর এবার তিনি প্রথমবারের মতো শ্রোতা-দর্শকের জন্য মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন। ঈদ উপলক্ষে লেজার ভিশন থেকে লেজার ভিশনেরই ইউটিউব চ্যানেলে আগামীকাল শুক্রবার প্রকাশিত হতে যাচ্ছে দিয়ার প্রথম গান ‘কফি হাউজ’। গানটি লিখেছেন এবং সুর-সংগীত করেছেন সংগীত পরিচালক পার্থ মজুমদার। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইলান। এরইমধ্যে গানটির পুরো কাজ শেষ। এখন শুধু শ্রোতা-দর্শকের কাছে পৌঁছে দেওয়ার অপেক্ষা। প্রথম মৌলিক গান প্রসঙ্গে দিয়া বলেন, ‘গান নিয়ে আমার শুধু এতটুকুই স্বপ্ন—যে সাধনা-আরাধনা নিয়ে নিজেকে একজন সংগীতশিল্পী হিসেবে গড়ে তুলছি, আমি যেন তাতে ধারাবাহিকভাবে থাকতে পারি।’
