দুই বছর পর ঈদের নাটকে

আপডেট : ২৯ মে ২০১৯, ১৮:৩৮

 

সাংসারিক ব্যস্ততার কারণে অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন মডেল ও অভিনেত্রী সীমানা। চলতি বছরের শুরু থেকে অভিনয়ে ফিরেছেন তিনি। এবারের ঈদে বেশ কয়েকটি নাটকে দেখা যাবে সীমানাকে। এরমধ্যে রয়েছে একখণ্ডের নাটক মনির হোসেনের পরিচালনায় ‘জামাই বাড়ি’ ও ‘এবং প্রেমকথা’, মুরাদ পারভেজের ‘ইতিকথা’, অর্ক মোস্তফার ‘শেষ উপন্যাস’ ও রিন্টু পারভেজের ‘সম্পর্ক’। দীর্ঘ দুই বছর পর ঈদের নাটকে অভিনয় প্রসঙ্গে সীমানা বলেন, ‘দুই বছর পর আবারও বড় একটি উত্সবে দর্শকের সঙ্গে থাকব আমি। এরইমধ্যে কয়েকটি নাটকের শুটিং শেষ করেছি। সত্যি বলতে আমি এখন অভিনয়ে নিয়মিত। ইচ্ছে আছে এখন থেকে এভাবেই কাজ করার।’ তিনি আরো বলেন, ‘আমি অনেক দিন নাটকে নিয়মিত ছিলাম না সত্যি। তবে এ মাধ্যমটির খোঁজখবর নিয়মিত রেখেছি। কে কেমন কাজ করছে। সব আমার জানা আছে। আমি সবদিক থেকে প্রস্তুতি নিয়েই অভিনয়ে ফিরেছি। আমি কারো সঙ্গে প্রতিযোগিতা করতে আসিনি। দর্শকের কাছে আমার একটা গ্রহণযোগ্যতা আছে। আমি সেটিকে কাজে লাগাতে চাই।’ বর্তমানে কাজ করছেন ‘টিরি গিরি টক্কা-২’ ধারাবাহিকে। ঈদের পর আরো কয়েকটি ধারাবাহিকের কাজ শুরু করবেন তিনি।

 

ছবি মির্জা তন্ময়