রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২নং গেইটে (নির্বাচন কমিশন সংলগ্ন) নব-নির্মিত চিহ্নহীন সিপড ব্রেকারে ছিটকে পড়ে গতকাল সোমবার এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন মোটরসাইকেল আরোহী। নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে। নিহতের নাম মো. আশরাফ হোসেন (৩২)। তার বাড়ি মিরপুর-১২, পল্লবী এলাকায়। আশরাফ তিতাস গ্যাসে চাকরি করতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকালে মোটরসাইকেল আরোহী আশরাফ মিরপুর-১০ থেকে ফার্মগেটের দিকে দ্রুতগতিতে যাচ্ছিলেন। নতুন সিপড ব্রেকারের কোনো সাংকেতিক চিহ্ন না থাকায় বুঝতে না পেরে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে ৪০-৪৫ ফুট দূরে গিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
