প্রধানমন্ত্রীর কাছে মার্কিন কংগ্রেসম্যানদের পাঠানো চিঠি রাজনৈতিক

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২২:৪৬
বাংলাদেশে পোশাক শ্রমিকরা নির্যাতনের শিকার হচ্ছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছয় মার্কিন কংগ্রেসম্যানের পাঠানো চিঠির সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, তাদের চিঠির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। কেউ এ বিষয়ে তাদের অ্যাপ্রোচ করেছে। এটি এক অর্থে তাদের রাজনৈতিক চিঠি। গতকাল সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ দফতরে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, চলতি সপ্তাহের মধ্যেই বিষয়টি পরিষ্কার করে কংগ্রেসম্যানদের চিঠির উত্তর দেয়া হবে। একইসঙ্গে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) প্রধান মিশেল ফোরম্যানের কাছে একটি চিঠি পাঠানো হবে। গত ৩০ জুন ছয় মার্কিন কংগ্রেসম্যান বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের ভীতি প্রদর্শন, হয়রানি ও নির্যাতন বেড়েছে এমন অভিযোগে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি দেন।