নাইকো দুর্নীতির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান এবং ওই সরকারের একজন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় রয়াল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। এ ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি চেয়ে কানাডিয়ান পুলিশ বাহিনীটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে লিখিত আবেদন করেছে। সম্প্রতি আবেদনপত্রটি দুদকে পৌঁছেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, খালেদা জিয়ার তত্কালীন সরকারের বিরুদ্ধে নাইকো দুর্নীতির মামলা পরিচালনায় বাংলাদেশের উচ্চ আদালতে স্থগিতাদেশ থাকলেও কানাডায় এ ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, অধিকতর তদন্তের প্রয়োজনে উল্লিখিত দুজনকে জিজ্ঞাসাবাদ করতে চায় দেশটির পুলিশ বিভাগ। এ জন্য কানাডিয়ান অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে দুদকে একটি আবেদন করা হয়েছে।
দুদক সূত্র জানায়, এর আগে ২০০৮ সালে আরসিএমপির দুই কর্মকর্তা বাংলাদেশে আসেন এবং তারা সে সময়ে সরকারের সহায়তায় গিয়াসউদ্দিন আল মামুনসহ বেশ কিছু সংশ্লিষ্ট ব্যক্তির সাক্ষ্য নেন। ২০১১ সালের শেষ দিকে কানাডার একটি কোম্পানি সে দেশের আদালতে এই মর্মে স্বীকারোক্তি দেয় যে জয়েন্ট ভেঞ্চার চুক্তি বাস্তবায়ন এবং গ্যাস উত্তোলন সংক্রান্ত কাজ পাইয়ে দিতে সাবেক একজন মন্ত্রীসহ তিন জনকে তিন কোটি টাকা ঘুষ দেয়া হয়। সাবেক ওই মন্ত্রীকে একটি গাড়িও উপহার দেয়া হয়। এ স্বীকারোক্তির পর কানাডার আদালত নাইকোকে ৯৫ লাখ ডলার জরিমানা করে।
