জাল মেমোরি কার্ডে প্রতারণা বাড়ছেই

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ১৯:৩২
ঈদকে সামনে রেখে দেশের আইটি বাজারে ছড়িয়ে পড়ছে জাল মেমোরি কার্ড। একটি বিখ্যাত ব্র্যান্ডের নাম ব্যবহার করে বিক্রি হওয়া এসব মেমোরি কার্ড কিনে প্রতারণার শিকার হচ্ছেন ক্রেতারা। নিম্নমানের এসব জাল মেমোরি কার্ড নিয়ে ক্রেতাদের অভিযোগের শেষ নেই। রাজধানীর মাল্টিপ্লান মার্কেট থেকে এমনই একটি ‘স্যামসাং মাইক্রো এসডিএইচসি কার্ড’ কিনে প্রতারণার শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের ছাত্র মুতাসিম বিল্লাহ জানান, কার্ডের গায়ে ১৬জিবি লেখা থাকলেও বাসায় এসে তা লাগিয়ে দেখা গেছে এর স্টোরেজ ১০ জিবি। একইভাবে ধানমন্ডিতে বসবাসরত গৃহিণী লুত্ফুন্নাহার জানান, একইরকম জাল মেমোরি কার্ড নিয়ে প্রতারণার শিকার হয়েছেন তিনি। তার মেমোরি কার্ড ‘ক্লাস-১০’-এর বলা হলেও প্রকৃতপক্ষে সেটি ‘ক্লাস-৪’-এর চেয়েও কম গতিসম্পন্ন। এ বিষয়ে স্যামসাংয়ের সাথে যোগাযোগ করা হলে স্যামসাংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ জানান, বাংলাদেশে স্যামসাং পরিবেশিত কোনো মেমোরি কার্ড নেই। কিছু অসাধু ব্যবসায়ী স্যামসাংয়ের নাম ব্যবহার করে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তারা। স্যামসাংয়ের জাল মেমোরি কার্ডের দৌরাত্ম্যে নাজেহাল দেশের সাধারণ ক্রেতারা। এ বিষয়ে কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের ডিলাররাও অভিযোগ করেছেন। আমাদের আউটলেটগুলোতে এসে অনেক ক্রেতাই অভিযোগ করেছেন। তাদের প্রতি অনুরোধ করবো, কেনার আগে ভালো পণ্যটি যাচাই করে দেখতে। চেষ্টা করবেন অরিজিনাল পণ্যটি কিনতে। বিশেষ করে জাল মেমোরি কার্ড স্মার্টফোনের মাদারবোর্ডের জন্যও ক্ষতিকর।’