বাকেরগঞ্জে নাতির হাতে নানী খুন

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২১:১১
বরিশালের বাকেরগঞ্জ পোড়াছিনা গ্রামে গতকাল মঙ্গলবার নাতি সুজনের ধারালো অস্ত্রের আঘাতে নানী সেতারা বেগম (৬০) নিহত হয়েছেন। সেতারা ওই এলাকার ইসমাইল শরীফের স্ত্রী। বাকেরগঞ্জ থানার এসআই মশিউর রহমান জানান, সুজনের মা গত এক যুগ পূর্বে দু’ছেলেকে নানীর কাছে রেখে অন্যত্র চলে যায়। নানীর কাছেই তারা বড় হয়। দু’দিন পূর্বে সুজন নানীর কাছে তার মায়ের মোবাইল নম্বর চায়। তিনি তা দিতে অস্বীকার করেন। এরপর সুজন ঘর থেকে চলে যায়। গতকাল সকালে অপরিচিত দু’যুবককে সাথে নিয়ে সুজন নানীর কাছে আবারো মায়ের মোবাইল নম্বর চায়। মোবাইল নম্বর জানাতে না পারায় সে ক্ষিপ্ত হয়ে দা’ দিয়ে সেতারা বেগমের মাথায় দু’টি কোপ দিয়ে পালিয়ে যায়। গ্রামবাসী সেতারাকে উদ্ধার করে বাকেরগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।