এক পরিবারের ৭ জনকে অজ্ঞান করে মালামাল লুট

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২১:৪৬
হিন্দু পরিবারের সাত সদস্যকে খাবারের সাথে চেতনানাশক খাইয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ ১৫ লাখ টাকার মালপত্র লুট করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে মাগুরার মহম্মদপুর উপজেলার রাঢ়িখালি গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার ভোররাতে অচেতন অবস্থায় ওই পরিবারের সাত সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জানা যায়, উপজেলার রাঢ়িখালী গ্রামের রবীন্দ্রনাথ রায়ের বাড়িতে সন্ধ্যায় রাতের রান্না শেষ করে সবাই একটি ঘরে বসে টিভি দেখছিল। এসময় অজ্ঞাত দুর্বৃত্তরা গোপেনে ঘরে প্রবেশ করে কাঠাল ও খাবারে চেতনানাশক মিশিয়ে রেখে চলে যায়। রাতে ওই খাবার খেয়ে পরিবারের সবাই অচেতন হয়ে পড়েন। এসময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে নগদ পাঁচ লাখ টাকা, ১৮ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার, পাঁচটি মোবাইল সেট ও মূল্যবান গৃহস্থালী সামগ্রীসহ প্রায় ১৫ লাখ টাকার মালপত্র নিয়ে পালিয়ে যায়। পরিবারের এক সদস্যকে ভারতে চিকিত্সা করানোর জন্য ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা উত্তোলন করা হয় বলে জানা যায়।