নদী বেষ্টিত হালিয়া গ্রামে কোন পাকা রাস্তা নেই

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২১:৪৬
বটিয়াঘাটার হালিয়া গ্রামটি চারদিকে নদী দ্বারা বেষ্টিত। এ গ্রামে কোথাও কোন পাকা রাস্তা নেই। গ্রামের দক্ষিণ দিকে পশুর নদী পার হলেই দাকোপ উপজেলা, পূর্বে মরাপশুর নদীর ওপারে রামপাল উপজেলা, উত্তরে নালুয়া ও পশ্চিমে কাজিবাচা নদী। গতকাল সোমবার ঐ গ্রামের স্কুল শিক্ষক তমিজ উদ্দিন জানান, ৬ হাজার লোকের বসবাসের এ গ্রামে মধ্যপাড়ায় রয়েছে একটি মাত্র মাধ্যমিক বিদ্যালয়। তাছাড়া গ্রামের পশ্চিম ও উত্তর পাড়ায় দু’টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রাচীনকালের কাঁচা রাস্তা গ্রামের ভিতর দিয়ে বিভিন্ন পাড়ায় চলে গেছে। কোথাও কোন পাকা রাস্তার চিহ্ন নেই। বর্ষাকাল এলেই সেই আবহমান গ্রাম বাংলার আসল রূপ ফুটে ওঠে হালিয়া গ্রামে। এক হাঁটু কাদা ভেঙ্গে ছেলে মেয়েরা স্কুলে যায়। কেউ বা কাদা ভেঙ্গে নদী তীরে যেয়ে খেয়া পার হয়ে কলেজে যায়। এ যুগেও হালিয়া গ্রামের মানুষ সেই মাটির প্রদীপ আর হারিকেনের আলোতেই দৈনন্দিন কাজ করে থাকে। নদীতে মাছ আর কৃষি কাজ করেই চলে তাদের জীবন জীবিকা। দিনে দিনে শিক্ষিতের সংখ্যা বৃদ্ধি পেলেও হালিয়া গ্রামে উন্নয়নের কোন ছাপ আজও পড়েনি।