যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাবাহিনী প্রধানের ইফতার

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২২:০৫
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া গতকাল মঙ্গলবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে এক ইফতার ও নৈশভোজের আয়োজন করেন। ইফতারের আগে জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা এবং সশস্ত্র বাহিনীর উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের বর্বরোচিত হত্যাকাণ্ডে অপরাপর শহীদ, মহান মুক্তিযুদ্ধে শহীদ ও সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করা হয়। ইফতার মাহফিলে অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ প্রায় তিন শতাধিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ এবং সেনাপ্রধান যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দসহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।