বরগুনার ২টি স্কুলের পাঠদান অনুমতি বাতিল

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২২:১১
আমতলী উপজেলার দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান অনুমতি স্থায়ীভাবে বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষা প্রতিষ্ঠান দুইটি হলো উত্তর চালিতাবুনিয়া আরবী বালিকা বিদ্যালয় ও তালতলী উপজেলার গাবতলী বিএস মডেল মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার্থী সংকটের কারণে ওই বিদ্যালয় দুইটি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় এর অবকাঠামোই বিলীন হয়ে গেছে। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শনে গিয়ে বিদ্যালয় দুইটির অস্তিত্ব খুঁজে পাননি। তাই পাঠদান অনুমতি বাতিল করে প্রতিষ্ঠান দুইটির আনুষ্ঠানিক বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এমপিওভুক্ত হওয়ার আশায় ওই বিদ্যালয়গুলো স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে এমপিওভুক্ত হতে না পেরে এবং শিক্ষার্থী সংকটের কারণে শিক্ষকদের বেতন-ভাতা দিতে না পাড়ায় প্রতিষ্ঠান দুইটি বন্ধ হয়ে যায়।