কাপাসিয়ার প্রধান সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২২:১৩
গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের প্রধান সড়কটির কার্পেটিং উঠে গিয়ে ও ভেঙ্গেচুড়ে অসংখ্য খানা-খন্দকের সৃষ্টি হওয়ায় সড়কটি যানবাহন ও লোক চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। সংস্কার ও মেরামতের অভাবে সড়কটির খুবই করুণ অবস্থা। ফলে যানবাহন, যাত্রী ও পথচারীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই জনদুর্ভোগ চরমে পৌঁছে। গাজীপুর সড়ক ও জনপথ অধিদপ্তর নির্মিত সালনা-কাপাসিয়া সড়কটি কাপাসিয়া ফকির মজনু শাহ সেতুর পশ্চিম প্রান্ত থেকে কাপাসিয়া বাজারের ভিতর দিয়ে খাদ্য গুদাম ও উপজেলা পরিষদের সামনে দিয়ে সাফাইশ্রী মোড় গিয়ে শেষ হয়েছে। উক্ত সেতুর সামনে থেকে সাফাইশ্রী মোড় পর্যন্ত মাত্র এক কিলোমিটার সড়কে দীর্ঘদিন যাবত্ কোন উন্নয়ন বা সংস্কার কাজের ছোঁয়া লাগেনি। ফলে ভারি যানবাহন, বাস, ট্রাক, টেম্পু, স্কুটার প্রভৃতি চলার কারণে উক্ত সড়কের কোথাও কোথাও কার্পেটিং অনেক আগেই উঠে গিয়ে সড়কের অর্ধেকের বেশি অংশ ভেঙ্গেচুড়ে গর্ত হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টি হলেই অনেক স্থানে জলাশয়ের সৃষ্টি হয়। প্রচন্ড ঝাকুনিতে যানবাহনের যাত্রীদের কষ্ট ভোগ করতে হয়। এসব গর্ত ও জলাশয়ের কারণে পথচারী, রিক্সা, টেম্পু ও স্কুটার যাত্রীদের চরম বিড়ম্বনা ও দুর্ভোগ পোহাতে হয়। যান চলাচলের সময় গাড়ি আটকে গিয়ে ব্যস্ততম এ সড়কে দীর্ঘ যানজট নিত্যকার ঘটনা। তাছাড়া পথচারী, অফিসগামী লোকজন, স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীদের শরীরে যানবাহন চলাচলের সময় গর্তের কাদা ময়লাযুক্ত পানি ছিঁটকে এসে লাগে। গাজীপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আমির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সড়কের অবস্থা আমরা দেখেছি। খুব শীঘ্রই সংস্কার কাজ শুরু করা হবে।