সুন্দরগঞ্জে সার্ভিস বই না থাকায় ৩৩৬ শিক্ষকের বেতন অনিশ্চিত

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২২:২০
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৮৭টি বিদ্যালয়ের ৩৩৬ জন শিক্ষকের জাতীয়করণের পর সার্ভিস বহি তৈরি না হওয়ায় বেতন-ভাতার সঠিক হিসাবে বিভ্রান্তিতে রয়েছেন। জাতীয়করণের পর দীর্ঘ কয়েক মাস শিক্ষকরা বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন-যাপন করে আসছিলেন। শিক্ষা অফিস শিক্ষকদের সার্ভিস বহি তৈরি না করে ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন-ভাতা প্রদান করে। এ কারণে শিক্ষকরা জানতে পারছেন না প্রতিমাসে কে কত টাকা বেতন-ভাতা পাবেন। ১৪ মাসের বকেয়ার পরিমাণও কত হবে তাও তারা জানেন না। উপজেলা শিক্ষা অফিসার আখতারুল ইসলাম জানান, সরকার বিদ্যালয়গুলো জাতীয়করণের পর বেতন-ভাতা প্রদানে ১ বছরেরও বেশি সময় নেয়। শিক্ষা অফিসার স্বল্প সময়ে কিভাবে কাজ করবে। সরকারিভাবে জারিকৃত প্রজ্ঞাপনে কিছু কিছু অস্পষ্টতার কারণে সার্ভিস বহি তৈরিতে বিলম্ব হচ্ছে।