ছাত্রী প্রহার

রাবি ছাত্রলীগ নেতা সাসপেন্ড, স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২২:৫৭
প্রেমঘটিত দ্বন্দ্বে প্রকাশ্যে এক ছাত্রীকে মারপিটের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ওবায়দুল হক কায়েসকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে মঙ্গলবার সুপারিশ পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা ও সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিন। গতকাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠন পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে কায়েসকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে। আগামীতে তাকে সব ধরনের দলীয় কর্মকাণ্ড থেকে বিরত রাখার বিষয়েও কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে। জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ক্যাম্পাসের শহীদুল্লাহ্ কলা ভবনের সামনে সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ওই ছাত্রীকে প্রকাশ্যে মারপিট ও শারীরিকভাবে লাঞ্ছিত করে ছাত্রলীগ নেতা কায়সার। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর সিরাজুল ইসলাম ওই ছাত্রীকে উদ্ধার করে হলে পৌঁছে দেন। পরে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তরে এবং ছাত্রলীগের কাছে লিখিত অভিযোগ করেন। তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগ নেতা কায়েস।