রংপুরে ডিস ব্যবসা নিয়ে বিরোধে যুবক খুন

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২২:৫৭
রংপুরে ডিস ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে ফরহাদ হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত সোমবার ভোরে নগরীর সাতগাড়া মিস্ত্রীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মুন্সিপাড়া এলাকার ফরহাদ হোসেনের সাথে একই এলাকার পলাশ মিয়ার ডিস ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন থেকে। ফরহাদ সোমবার রাতে সাতগাড়া মিস্ত্রীপাড়া এলাকায় গিয়ে চা খাচ্ছিলেন। এসময় পলাশ ও তার লোকজন ফরহাদের উপর হামলা চালায়। তারা ফরহাদকে কুপিয়ে একটি পা বিচ্ছিন্ন করে এবং মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় লোকজন ফরহাদকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিত্সকরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকায় নিয়ে যাওয়ার পথে গতকাল মঙ্গলবার ভোরে তার মৃত্যু ঘটে। ফরহাদ যুবদলকর্মী এবং পলাশ ছাত্রদলকর্মী বলে জানা গেছে। কোতয়ালি থানার ওসি জানান, নিহত ফরহাদ ও পলাশের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।