বিভিন্ন সময় ছিনতাই ও চুরি হওয়া ২২৫টি মোটরসাইকেল উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ। গত দুই দিনে রাজধানীসহ দেশের ৫টি জেলা ঢাকা, মানিকগঞ্জ, সাতক্ষীরা, যশোর ও ফরিদপুরে অভিযান চালিয়ে এসব মোটর সাইকেল উদ্ধার করা হয়। জড়িত থাকার অভিযোগে পুলিশ এক নারীসহ ১৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন দলনেতা আশিকুর রহমান, মোস্তাফিজ, ফজলুল করিম, সরফ দালাল, মারুফ বিল্লা, মনিরা পারভীন, মীর আরিফুজ্জামান ভানু, নূর মোহাম্মদ ফোটন, শাহজাহান শেখ, তরিকুল ইসলাম, হারুন অর রশিদ, মকবুল হোসেন, ওয়াহিদুজ্জামান বাপ্পি, আনোয়ার হোসেন ও ছাদেক ওরফে আকবর।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুর থানায় এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে এক হাজারেরও বেশি মোটর সাইকেলের মূল ও নকল (ডুপ্লিকেট) কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, মোটর সাইকেল ছিনতাইকারী সিন্ডিকেট চারটি ভাগে বিভক্ত হয়ে কাজ করে। একদল মোটরসাইকেল চুরি বা ছিনতাই করে। দ্বিতীয় দলটি চোরাই মোটরসাইকেলের মূল মালিকের সাথে যোগাযোগ করে মোটরসাইকেলের আসল কাগজপত্র কিনে নেয়। তৃতীয় দলটি মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নাম্বার পরিবর্তনের কাজ করে। আর চতুর্থ দলে আছে বিভিন্ন শোরুম, যেগুলো চোরাই মোটরসাইকেল বিক্রিতে সহায়তা করে। ছিনতাই বা চুরি করার পরে দুর্বৃত্তরা এসব মোটরসাইকেল সুবিধামত কোন জায়গায় লুুকিয়ে রাখে এবং একটি নির্দিষ্ট সময় পার হলে সেগুলো বের করে। উপ-পুলিশ কমিশনার বলেন, কারো মোটরসাইকেল চুরি বা ছিনতাই হলে অবশ্যই যেন পুলিশকে অবহিত করা হয়। চুরি হয়ে যাওয়া মোটরসাইকেলের আসল কাগজপত্র কারো কাছে বিক্রয় না করার জন্যও অনুরোধ জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপ-কমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, সমপ্রতি রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে এক হাজারের উপরে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। উদ্ধার করা মোটরসাইকেলগুলোর কাগজপত্র, মডেল নম্বর ও রংসহ বর্ণনার তালিকা করা হচ্ছে। আজ বুধবার বিকালে উদ্ধার করা মোটরসাইকেলের তালিকা মিরপুর থানার সামনে টানিয়ে দেয়া হবে। কারো চুরি যাওয়া মোটরসাইকেলের সঙ্গে তালিকার বর্ণনা মিলে গেলে কর্তব্যরত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে তিনি অনুরোধ জানান।
উপ-কমিশনার বলেন, উদ্ধার হওয়া মোটরসাইকেল যাতে প্রকৃত মালিকরা ফিরে পেতে পারে সেজন্য মিরপুর জোনের সহকারী কমিশনার সাখাওয়াত হোসেনকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে। ওই কমিটি গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে।
যে ভাবে উদ্ধার হয়
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন বলেন, গত ৬ জুলাই মিরপুর ইউসিবি ব্যাংকের সামনে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারী ছাদেক ওরফে আকবরকে গ্রেফতার করা হয়। এ সময় তার দুই সহযোগী হযরত ও ফারুক পালিয়ে যায়। ছাদেককে জিজ্ঞাসাবাদকালে সে আন্তঃজেলা সংঘবদ্ধ মোটরসাইকেল ছিনতাইকারী ও মোটরসাইকেল চোরদল সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দেয়। তার দেয়া তথ্য মতে ৫টি জেলায় অভিযান চালিয়ে চুরি ও ছিনতাই হওয়া ২২৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি বলেন, এসব মোটরসাইকেল ঢাকায় আনতে ১৬টি ট্রাক ভাড়া করতে হয়েছে।
