বিতর্কিত মন্তব্য করে ভারতজুড়ে সমালোচিত হওয়া তৃণমূল এমপি ও সাবেক টলিউড তারকা তাপস পাল হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাতে অতি গোপনে কলকাতার মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। তার পক্ষ থেকে বলা হয়েছে, হাল্কা জ্বর ও পিঠে ব্যথা করছে। একারণে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
কিন্তু তাপস পালের রাজনৈতিক প্রতিপক্ষরা জানিয়েছে, লোকসভার প্রথম অধিবেশন এড়াতে অসুস্থতার ভান করে হাসপাতালে গেছেন তিনি। নারীদের ধর্ষণ করানোর এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের বাড়িঘরে হামলার উসকানি দিয়ে ব্যাপক সমালোচিত হবার পর বিজেপি, কংগ্রেসসহ বিভিন্ন দলের এমপিরা হুমকি দিয়েছিল তাপস পাল লোকসভায় গেলে তার বিরুদ্ধে বিক্ষোভ করা হবে। একারণে তৃণমূল শীর্ষনেত্রী মমতা ব্যানার্জির পরামর্শেই তাপস হাসপাতালে গেছেন বলে প্রতিপক্ষ থেকে দাবি করা হয়েঠে। তাপস পালকে বহিষ্কারের দাবিতে গতকাল লোকসভার বাইরে বিক্ষোভ করেন বামফ্রন্ট এমপিরা।
উল্লেখ্য, নিজের নির্বাচনী কেন্দ্রের বিভিন্ন জায়গায় সিপিএমকে অশালীন ভাষায় গালাগালি দিয়ে একের পর এক হুমকিসম্বলিত বক্তৃতা দিয়েছেন তাপস পাল। সেই বক্তব্যের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসার পর ভারত জুড়ে নিন্দার ঝড় ওঠে। আন্তর্জাতিক মিডিয়াতেও তার আপত্তিকর বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। বামফ্রন্ট নারী প্রতিনিধিরা লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের সঙ্গে সাক্ষাত্ করে তাপসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেনন। এই অবস্থায় অস্বস্তি এড়াতে অধিবেশনে যোগ দেবেন না, এমনই জল্পনা ছিল। কিন্তু কোন অজুহাতে অধিবেশন এড়াবেন তা নিয়েও জল্পনা কম ছিল না। লোকসভা অধিবেশন শুরুর আগের রাতে হাসপাতালে ভর্তি হয়ে সেই সমস্যার ‘সমাধান’ করে ফেললেন তাপস।
এই এমপির পারিবারিক চিকিত্সক বলেছেন, তাপসের জ্বর হয়েছিল। এখন জ্বর নিয়ন্ত্রণে থাকলেও পিঠে একটু ব্যাথা আছে। পিঠে ব্যথা তাপসের পুরনো অসুখ বলে তিনি উল্লেখ করেন। সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র তাপস পালের ‘দ্রুত আরোগ্য’ কামনা করলেও তিনি এই ‘অসুস্থতা’ নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, ‘দিল্লি যেতে যাতে না হয় সেই কারণেই উনি হাসপাতালে ভর্তি হয়েছেন। একথা বুঝতে বিজ্ঞ মানুষ হওয়া লাগে না।’ বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, ‘অসুস্থতার বিষয় পুরোটাই বাহানা। সবাই বোঝে ঘটনা কি।’
