ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগে চট্টগ্রামে ৭ পুলিশ সাসপেন্ড

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২৩:১৯
চট্টগ্রামে রোকনুজ্জামান নামে এক আবাসন ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগে এসআই ও এএসআইসহ ছয় পুলিশ সদস্য ও এক আনসার সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন, পাঁচলাইশ থানার এসআই আমির হোসেন, বাকলিয়া থানার এএসআই মো. এনায়েত হোসেন, পাঁচলাইশ থানার কনস্টেবল মো. মিজানুর রহমান, মো. মোসলেম, খোকন মিয়া, গাড়িচালক মো. আকবর এবং আনসার সদস্য শাহীনুর আলম। এদের মধ্যে এসআই আমির হোসেন ও কনস্টেবল কনস্টেবল মোসলেমকে সোমবার রাতে সাময়িক বরখাস্ত করার পর গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। বাকি পাঁচজনকে গতকাল মঙ্গলবার বরখাস্ত করা হয়। পুলিশ সদস্যদের নগরীর দামপাড়া পুলিশ লাইনে রাখা হয়েছে। আনসার সদস্যকে নিজ বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক ও প্রশাসন) একেএম শহিদুর রহমান ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেন। সিএমপি সূত্র জানায়, ময়না তদন্তে ব্যবসায়ীর শরীরে আঘাতের বিষয়টি প্রমাণিত হওয়ায় এবং এ বিষয়ে আদালতে মামলা হওয়ায় অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে সিএমপি। উল্লেখ্য, গত ১৮ জুন মধ্য রাতে নগরীর বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোডে এহসান সিটির একটি ফ্ল্যাটে পুলিশের হেফাজতে রোকনুজ্জামান নামে এক আবাসন ব্যবসায়ীর মৃত্যু হয়। রোকনুজ্জমানের স্ত্রী শিমু আক্তার অভিযোগ করেন, গভীর রাতে পুলিশ বাসায় প্রবেশ করে তার স্বামীর ওপর অকথ্য পুলিশের নির্যাতন চালায়। এতে তার মৃত্যু হয়। এই হত্যার ঘটনা এবং আরো অন্যান্য অভিযোগ এনে ২৫ জুন চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেয়ার জন্য নগর গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেয়।