এনটিভিতে ঈদে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘সৌদি গোলাপ’। বৃন্দাবন দাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা, আরফান আহমেদ, প্রাণ রায়, সাজু খাদেম, শাহনাজ খুশী, রিমু রেজা খন্দকার, মাসুদ হারুন, কাদেরী, রেজা জামান প্রমুখ। যৌবনে প্রবেশের সময়ই গোলাপ হোসেনের বাবার অকাল মৃত্যু ঘটে। মা এবং ছোট দুটি ভাইবোনের কথা ভেবে কর্মক্ষেত্রে প্রবেশ করে গোলাপ। এলাকার এক সৌদি প্রবাসীর পরামর্শে কয়েক মাস গাড়ি চালানোর ট্রেনিং নিয়ে পিতার সামান্য জমি বিক্রি করে সৌদি আরবে পাড়ি জমায় গোলাপ। এলাকায় গোলাপ নামে একাধিক ব্যক্তি থাকায় এক সময় তাঁর নামের আগে তাই সৌদি শব্দটি যুক্ত হয়ে যায়। গোলাপ ৩ বছর পর ১ মাসের ছুটিতে আসে বিয়ে করবে এমন মানসিক প্রস্তুতি নিয়ে। কিন্তু পছন্দমতো মেয়ে না পাওয়ায় বিয়ে নিয়ে বাঁধে বিপত্তি।
