ব্রাজিলের পরাজয়ে টুইটারে নতুন রেকর্ড

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২১:০৯
ব্রাজিলে চলমান বিশ্বকাপ ফুটবল ২০১৪-এর প্রথম সেমিফাইনালে জার্মানির কাছে স্বাগতিক ব্রাজিলের শোচনীয় পরাজয়ের রেকর্ডের সাথে সাথে টুইটারেও তৈরি হয়েছে নতুন রেকর্ড। কোনো ধরনের খেলা নিয়ে করা টুইটের সংখ্যায় জার্মানি বনাম ব্রাজিলের ম্যাচটিই এখন অবস্থান করছে শীর্ষে। নব্বই মিনিটের এই খেলা চলাকালে সর্বমোট টুইট হয়েছে ৩ কোটি ৫৬ লাখ! সেই হিসেবে গড়ে প্রতি মিনিটে টুইট হয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৫৫৫টিরও বেশি। কোনো এক মিনিটে করা সর্বোচ্চ টুইটের সংখ্যাও নতুন করে লেখা হয়েছে এই খেলার পর। ব্রাজিলের জালে জার্মানির পঞ্চম গোলটি হওয়ার পর থেকে পরবর্তী এক মিনিটে টুইট হয়েছে ৫ লাখ ৮০ হাজার ৬০১টি। টুইটারে ৮ জুলাইয়ের শীর্ষ ১০ টপিকের মধ্যে ছয়টিই ছিল এই খেলার সাথে সংশ্লিষ্ট। এর মধ্যে আবার নির্দিষ্ট একটি টপিক হিসেবে শীর্ষে ছিল #BrazilvsGermany। টুইটারে খেলোয়াড়দের মধ্যে আলোচনায় শীর্ষে ছিলেন বিশ্বকাপ গোলের রেকর্ড নিজের দখলে নিয়ে নেওয়া মিরোস্লাভ ক্লোসা। অন্যদিকে ব্রাজিলের খেলোয়াড়দের মধ্যে শীর্ষে ছিলেন গোলরক্ষক জুলিও সিজার। ব্রাজিল বনাম জার্মানির খেলা নিয়ে করা বিভিন্ন ধরনের টুইটের পাশাপাশি ফটোশপ ব্যবহার করে তৈরি করা নানা ধরনের ছবিও ছড়িয়ে পড়েছে টুইটারে। এসব ছবিতে মূলত ব্রাজিলকেই ব্যাঙ্গ করা হয়েছে।