সলিমগঞ্জ (ডিগ্রি) কলেজে একাডেমিক ভবন চাই

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২১:১৫
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় সলিমগঞ্জ (ডিগ্রি) কলেজটি ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই কলেজটি অত্যন্ত সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। প্রতিবারই এইচএসসি ও ডিগ্রি (পাস) পরীক্ষার ফলাফলে কলেজটি জেলার মধ্যে ভালো অবস্থানে থাকে। বর্তমানে এখানে প্রায় ১৫০০ ছাত্রছাত্রী লেখাপড়া করছে। কিন্তু ছাত্রছাত্রীর তুলনায় ক্লাসরুমের চরম সংকট রয়েছে। বর্তমানে দুটি পাকা দ্বিতল ভবন ও দুটি ছোট্ট টিনের ঘর রয়েছে। পাকা ভবন দুটির মধ্যে একটি জরাজীর্ণ। ছাদ দিয়ে পানি পড়ে ভবনটি ক্লাস করার অনুপযুক্ত হয়ে পড়েছে। এ অবস্থায়, সলিমগঞ্জ (ডিগ্রি) কলেজে জরুরিভিত্তিতে তৃতীয় তল বিশিষ্ট একটি একাডেমিক ভবন নির্মাণের ব্যবস্থা করতে ঊর্ধ্বতন মহলের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। মোহাম্মদ বশিরুজ্জামান, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, সলিমগঞ্জ (ডিগ্রি) কলেজ, সলিমগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া