আনসারের এপিসিকে গুলি করে ছিনতাই করা টাকা উদ্ধার হয়নি

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২১:২০
কুমিল্লায় আনসারদের বেতনের টাকা ব্যাংক থেকে উত্তোলন করে কর্মস্থলে নিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা মিলন বাদশা নামে আনসারের অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডারকে (এপিসি) গুলি করে বেতনের ৮৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করার পর গত এক মাসেও ছিনতাইকৃত সমুদয় টাকা উদ্ধার করতে পারেনি। জানা গেছে, জেলার বুড়িচং উপজেলার হরিণধরা বিদ্যুত্ স্টেশনে কর্মরত ১০ জন আনসারের বেতন বাবদ ৮৩ হাজার টাকা গত ১৪ মে নগরীর শাকতলাস্থ অগ্রণী ব্যাংকের শাখা থেকে উত্তোলন করে কর্মস্থলে নিয়ে যাওয়ার সময় শাকতলা এলাকায় সশস্ত্র ছিনতাইকারীরা টাকা বহনকারী আনসারের এপিসি মিলন বাদশাকে গুলি করে উক্ত টাকা ছিনিয়ে নেয়। এদিকে ওই টাকা ছিনতাইয়ের ঘটনায় সদর দক্ষিণ উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মফিজুল ইসলাম বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুর রহমান জানান, এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে এবং ২২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকী টাকা উদ্ধারের চেষ্টা চলছে।