নাগেশ্বরীতে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২১:২১
নাগেশ্বরীতে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জনপ্রতি ১০ কেজির পরিবর্তে ৬-৭ কেজি চাল বিতরণ করা হচ্ছে। জানা গেছে, গত মঙ্গলবার কচাকাটা ইউনিয়নে রিলিফ কর্মকর্তার অনুপস্থিতে ৫ হাজার ৮শ সুবিধাভোগীকে ১০ কেজির পরিবর্তে ৬ কেজি করে চাল বিতরণ করা হয়। চেয়ারম্যান হাসেম আলী জানান, খাদ্যগুদাম থেকে চাল তুলে আনতে অনেক খরচ হয়। তাই খরচ তুলতে সামান্য কিছু কম দেয়া হয়েছে। একই দিনে বল্লভেরখাস ইউনিয়নে রিলিফ কর্মকর্তার উপস্থিতিতে ৬ হাজার ২শ জন সুবিধাভোগীকে ৭ কেজি করে চাল বিতরণ করা হয়। ভুক্তভোগী অনেকেই জানান, তারা ৭ কেজি করে চাল পেয়েছেন। রিলিফ কর্মকর্তা কেশব চন্দ্র বর্মন জানান, সাত কেজি নয় আট কেজি করে চাল দেয়া হয়েছে। চেয়ারম্যান আব্দুল জলিল অভিযোগ অস্বীকার করে বলেন, জনপ্রতি ১০ কেজি করেই দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লা জানান, বিষয়টি তার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।