রাস্তায় নয়, যাত্রী উঠানামা টার্মিনালের ভেতর

আপডেট : ২৯ মে ২০১৯, ১৯:৫৮

রাস্তায় যাত্রী ওঠা-নামা করা যাবে না। টার্মিনালের ভেতরে যাত্রী ওঠানামা করাতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। বুধবার দুপুরে গাবতলিতে ঈদ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঈদের সময় যাত্রীদের বাড়তি চাপ থাকে। বাসগুলো নির্বিঘ্নে ঢাকা ছাড়তে এবং ঢাকায় প্রবেশ করতে টার্মিনালের মুখগুলো ফাঁকা রাখতে হবে। কোনও অবস্থাতেই রাস্তায় দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা করা যাবে না। আমরা টার্মিনালের সীমানা চিহ্ন নির্ধারণ করে দিয়েছি। কেউ ওই চিহ্নের বাইরে এসে যাত্রী ওঠা-নামা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও বাস মালিকদের অংশগ্রহণে একটি সমন্বিত কমিটি করে দেওয়া হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, বাস ছাড়ার আগেই ওই কমিটির সদস্যরা চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করবেন। কোনও ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় নামতে না পারে সেটি নিশ্চিত করতে হবে। সড়ক দুর্ঘটনা অনেক কমিয়ে এনেছি, এবার সবার সার্বিক প্রচেষ্টায় দুর্ঘটনাকে আমরা শূন্যের কোটায় নামিয়ে আনতে চাই।

আরো পড়ুন: রক্তমাখা ব্যান্ডেজ লাগিয়ে ভিক্ষা

টার্মিনাল এলাকায় খাবার বিক্রেতা ও হকারদের তালিকা প্রস্তুত করার প্রয়োজনীয়তার ব্যাপারে আছাদুজ্জামান মিয়া বলেন, হকার বেশে অজ্ঞান পার্টির সদস্যরা আসবে, আর ঘুমের ওষুধ খাইয়ে সবকিছু লুট করে নেবে, তা হতে পারে না। বাস-মালিক সমিতি ও টার্মিনাল কর্তৃপক্ষকে অনুরোধ করবো আপনারা সুনির্দিষ্ট হকারের তালিকা করুন।

টার্মিনালে যাত্রীদের ব্যাগ ধরে টানাটানি নিষেধ করে দিয়ে ডিএমপি কমিশনার বলেন, এটা এক ধরনের জন হয়রানি। যাত্রী কোন বাসে যাবেন সে সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন। এ ধরনের হয়রানিসহ যেকোনো হয়রানি রোধে পুলিশ সদস্যদের সতর্ক থাকতে হবে। বিআরটিএ থেকে নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে কিংবা কোনও চালক গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বললে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নির্দেশনা দেন তিনি।

ইত্তেফাক/জেডএইচ