রাজৈরে অবাধে বিক্রি হচ্ছে দুর্লভ কচ্ছপ

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২১:৪৩
মাদারীপুরের রাজৈর উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিলুপ্ত প্রায় বিভিন্ন প্রজাতির কচ্ছপ ও কচ্ছপের মাংস নিয়মিত খুবই উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। উপজেলার কদমবাড়ী, আমগ্রাম, কলাগাছিয়া ও রাজৈর উপজেলার সীমান্তবর্তী মুকসুদপুর উপজেলার বানিয়ারচর, জলিরপাড়ের হাট-বাজারে একশ্রেণীর স্বার্থান্বেষী ব্যবসায়ী এসব কচ্ছপ ও তার মাংস বিক্রি করছে। মাদারীপুর অঞ্চলের নদ-নদী, জলাশয়ে একসময় বিভিন্ন প্রজাতির কচ্ছপের বিচরণ থাকলেও অবাধে আহরণ, নদ-নদী ভরাট ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে এখন আর এখানে তেমন কচ্ছপের বিচরণ দেখা যায় না। শরীয়তপুর, চাঁদপুর, মুন্সিগঞ্জ, ভোলা, বরিশাল, রাজশাহী, পাবনা, গাইবান্ধা, রংপুরসহ অন্যান্য স্থান থেকে মূলত এখানে কচ্ছপ আমদানী করা হচ্ছে। কচ্ছপ ধরা, পরিবহন, বিক্রয় আইনত নিষিদ্ধ থাকলেও একশ্রেণীর ধূর্ত ব্যবসায়ী এসব এলাকার কচ্ছপ ধরা লোকজনের কাছ থেকে কচ্ছপ কিনে সুকৌশলে এ অঞ্চলে নিয়ে আসছে। প্রতিকেজি কচ্ছপের মাংস প্রজাতি অনুযায়ী ৩০০ (তিনশ’) টাকা থেকে ৮০০ (আটশ’) টাকায় এখানে বিক্রি করা হচ্ছে।