তাহিরপুরে কর্ম হারাতে বসেছে পাথর ও বালু শ্রমিকরা

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২১:৪৩
উপজেলার বাদাঘাট ইউনিয়নের মেঘালয় পাহাড় সংলগ্ন সীমান্তবর্তী যাদুকাটা নদী থেকে বালু ও পাথর সংগ্রহ করতে না পারায় কর্ম হারাতে বসেছে হাজারো শ্রমিক। এর প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে এলাকাবাসি। জানা গেছে, তাহিরপুরের লাউড়ের গড় বিজিবি ক্যাম্পের উত্তর-পশ্চিম দিকের যাদুকাটা নদীর চরে যুগ যুগ ধরে বালির নিচ থেকে পাথর উত্তোলন করে সংসার চালায় এলাকার হাজার হাজার মানুষ। এতে একদিকে জীবিকায়ন ও অন্যদিকে ভাঙ্গনের কবল থেকে লাউড়ের গড় বিজিবি ক্যাম্পসহ ১০টি গ্রাম রক্ষা পায়। সম্প্রতি, লাউড়ের গড় বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নুরুল ইসলাম একটি প্রভাবশালী মহলের সাথে সিন্ডিকেট করে বালু বিক্রি শুরু করায় এবং স্থানীয়দের কাজ করতে না দেয়ায় এলাকাবাসির জীবিকায়ন বন্ধসহ ভাঙ্গনের হুমকিতে পড়েছে বিজিবি ক্যাম্প, লাউড়ের গড়, পুরান লাউড় সাহিদাবাদ, মোকশেদপুর ডালারপাড়, ছড়ারপাড় গ্রাম। সেই সাথে মরুভূমিতে পরিণত হতে পারে কয়েক হাজার একর আবাদী ভূমি। এসব বিষয়ের প্রতিকার দাবিতে গত সোমবার লাউড়ের গড় প্রাইমারী স্কুলে গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি মুসলিম উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন ইউপি সদস্য জহিরুল ইসলাম, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, যাদুকাটা পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সম্পাদক আজিম উদ্দিন। সমাবেশে ক্যাম্প কমান্ডারের কর্মকাণ্ড তুলে ধরে জেলাপ্রশাসক বরাবরে অভিযোগ করা হয়। একই দিনে বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিনের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল ৮ বিজিবি অধিনায়ক খন্দকার গোলাম মহিউদ্দিনের সাথে দেখা করে প্রতিকার দাবি করেন। বিজিবি অধিনায়ক এলাকাবাসির দাবি মেনে নিয়ে বালু বিক্রি বন্ধ ও শ্রমিকদের কাজ করার সুযোগ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছে ওই প্রতিনিধিদল।